
পঞ্চাশের দশকের কথা। ফুফাতো ভাইয়ের কাছে ১৩৫ টাকায় ৯ শতক জমি বন্ধক রেখেছিলেন আলেপ উদ্দিন। বন্ধকি টাকা শোধ করলেও জমি ফেরত দেননি ফুফাতো ভাই বছির উদ্দিন। উভয় পক্ষের দ্বন্দ্বে তৎকালীন মহকুমা প্রশাসকের হস্তক্ষেপে জমির জিম্মা চলে যায় টাউন চেয়ারম্যানের (বর্তমান পৌর মেয়র) কাছে। চেয়ারম্যান সেই জমি স্থানীয় এক ব্যক্তির জিম্মায় দেন।
জমির আইনি দখল বুঝে পেতে ১৯৬১ সালে আদালতে মামলা করেন ভুক্তভোগী আলেপ উদ্দিন। কিন্তু সুরাহা হওয়ার আগেই ১৯৭২ সালে তাঁর মৃত্যু হয়। সেই মামলার সূত্র ধরে পরে বাদীর ছেলে আব্দুস সাত্তার গং আইনি লড়াই শুরু করেন। মামলা গড়ায় নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে। অবশেষে দীর্ঘ ৬৫ বছর আইনি লড়াই শেষে বুধবার নিজেদের জমি ফেরত পেয়েছে বাদীপক্ষ। প্রতিষ্ঠিত হয়েছে উত্তরাধিকার।
বুধবার (১৩ মে) বিকেলে কুড়িগ্রাম সদরের পৌর এলাকার চরুয়াপাড়ায় বাদীপক্ষকে জমির দখল বুঝিয়ে দেন সহকারী কমিশনার আরিফুল ইসলাম।
মামলার বাদীপক্ষ আব্দুস সাত্তারের বাড়ি কলেজপাড়ায়। আর বিবাদী বছির উদ্দিনের বাড়ি পুরাতন শহরের গুয়াতিপাড়ায়। বছির উদ্দিন মারা গেছেন। ওয়ারিশ হিসেবে তাঁর ছেলেরা মামলায় প্রতিপক্ষ ছিলেন। আদালতের আদেশ অনুযায়ী বুধবার বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি সার্ভেয়ার এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে জমিটি আলেপ উদ্দিনের ওয়ারিশ আব্দুস সাত্তার গংদের মালিকানায় দখল বুঝিয়ে দেন সহকারী কমিশনার।
এ সময় মৃত বছির উদ্দিনের ওয়ারিশগণ উপস্থিত ছিলেন না। তবে জমিটির জিম্মাদার হিসেবে থাকা ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঢাকঢোল পিটিয়ে, লাল পতাকা উড়িয়ে সাত্তার গংকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। এলাকার উৎসুক লোকজন জড়ো হয়ে রাষ্ট্রীয় রীতি উপভোগ করে।
দীর্ঘ আইনি লড়াই শেষে পৈতৃক জমির দখল বুঝে পাওয়ায় খুশি আব্দুস সাত্তারসহ চার ভাই। ৯ শতক জমির আইনি লড়াই হলেও সরেজমিন তাঁদেরকে ৬ দশমিক ৬৮ শতক জমি বুঝিয়ে দেওয়া হয়। অবশিষ্ট জমি জনসাধারণের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিছু জমি ছেড়ে দিতে হলেও সন্তান হয়ে বাবার জমি ফিরে পাওয়ায় ছেলেরা সন্তুষ্ট।
আব্দুস সাত্তার বলেন, ‘আমার বাবার লড়াই আমরা চালিয়েছি। এটা খুব সহজ ছিল না। জমিটিতে একসময় সরকার রিসিভার নিয়োগ করে। দীর্ঘ আইনি লড়াই চালিয়ে নিতে অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করতে হয়েছে। আদালত শেষ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছেন। বাবা বেঁচে থাকলে বেশি খুশি হতেন। আজ এত বছর পর সন্তান হয়ে আমরা বাবার জমি ফিরিয়ে নিতে সক্ষম হয়েছি।’

নরসিংদীর রায়পুরার মির্জানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুন ভবন পুরোনো এলাকায় না করে চেয়ারম্যানের সুবিধামতো তাঁর বাড়ির কাছে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন পুরোনো ইউপি ভবন এলাকার এক জমিদানকারী।
৪ মিনিট আগে
সিএনজি স্টেশনে টানা দুই রাত কাটিয়েছেন নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক আজিজুর রহমান। বাড়িতে থাকা স্ত্রী ও চার বছরের শিশুসন্তানের খাবারের ব্যবস্থা হয়েছে সামান্য জমানো টাকা আর দোকানের বাকির ওপর। বাড়তি খরচ এড়াতে নিজে সিএনজি স্টেশনের পাশের টংদোকানে রুটি-কলা দিয়ে...
৬ মিনিট আগে
যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন সড়কের ফুটপাতজুড়ে সারা দিনই পড়ে থাকে গৃহস্থালি ও দোকানপাটের পরিত্যক্ত বর্জ্য। অনেক সময় ময়লার স্তূপ সড়কের ওপর ছড়িয়ে পড়ায় ছোটখাটো সড়ক দুর্ঘটনাও ঘটছে।
৮ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুর শহরে দুটি প্রধান সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজে ধীরগতির অভিযোগ উঠেছে। গত ১০ মাসে সড়ক দুটির সংস্কার কাজের ৩০ শতাংশও শেষ হয়নি। সড়কে বালু, ইট ফেলে কাজ চলায় যান চলাচলের জায়গা কমে গেছে। এতে সড়ক দুটি দিয়ে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে পথচারী ও যানবাহনের যাত্রীরা।
১২ মিনিট আগে