
ডিম ও মুরগির উৎপাদন ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়া, পোলট্রি খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং বাজারে করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাবের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন পোলট্রি খামারি ও ডিলাররা। পরে তাঁরা সড়কে ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান।
আজ সোমবার (৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর হাইওয়ে সড়কে এ মানববন্ধন হয়। কিশোরগঞ্জ জেলা পোলট্রি ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক পোলট্রি খামারি, ডিলার ও ব্যবসায়ী অংশ নেন।
খামারিরা বলেন, পোলট্রি খাদ্য, এক দিন বয়সী বাচ্চা (ডিওসি), ওষুধ, ভ্যাকসিন, বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন ও শ্রম ব্যয় ধারাবাহিকভাবে বাড়লেও উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য মিলছে না। এতে উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে অনেক ক্ষুদ্র ও মাঝারি খামারি খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।
খামারিদের অভিযোগ, বাজারে মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও করপোরেট প্রতিষ্ঠানের প্রভাবের কারণে উৎপাদকেরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। অন্যদিকে সাধারণ ভোক্তাদেরও বেশি দামে ডিম কিনতে হচ্ছে। ফলে উৎপাদক ও ভোক্তা উভয় পক্ষই ক্ষতির শিকার হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘পোলট্রি খাদ্যের দাম কমাতে হবে’, ‘করপোরেট কোম্পানির ডিম উৎপাদন বন্ধ করো’, ‘খামারিদের রক্ষা করো’, ‘খামারি বাঁচলে, দেশ বাঁচবে’ এবং ‘ডিমের ন্যায্যমূল্যের যৌক্তিক দাবি মানতে হবে’—এমন নানা দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কর্মসূচির একপর্যায়ে নিজেদের উৎপাদিত ডিম সড়কে ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান।
মানববন্ধনে খামারিদের পক্ষ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—উৎপাদন ব্যয় বিবেচনায় সরকারিভাবে ডিম ও মুরগির ন্যায্যমূল্য নির্ধারণ, পোলট্রি খাদ্য, ডিওসি, ওষুধ ও ভ্যাকসিনের দাম যৌক্তিক পর্যায়ে রাখা, বাজারে সিন্ডিকেট ও কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য স্বল্পসুদে ঋণ ও সরকারি প্রণোদনা, করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ প্রতিরোধ, নিয়মিত বাজার মনিটরিং এবং পোলট্রি খাতকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে অধিকতর নীতিগত সহায়তা দেওয়া।
মানববন্ধনে কিশোরগঞ্জ জেলা পোলট্রি ডিলার অ্যাসোসিয়েশনের সহসভাপতি দেলোয়ার হোসেন মান্না, সহসাধারণ সম্পাদক চন্দ্র শেখর সাহা, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ, কোষাধ্যক্ষ আছির উদ্দীন, দপ্তর সম্পাদক বিল্লাল মিয়া, সদস্য মো. আব্দুল আউয়াল, রুবেল ও আলমগীরসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা বলেন, পোলট্রি খাত দেশের খাদ্যনিরাপত্তা ও প্রাণিজ আমিষের অন্যতম প্রধান ভিত্তি। খামারিদের স্বার্থ রক্ষায় ও পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশের খামারিদের নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে সে কীভাবে পড়েছে সেটি নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
৩ মিনিট আগে
সৌদি আরবে রেসিং কারের চাপায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েত প্রবাসী শাহজাহান মিয়ার ছেলে।
২১ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। রোববার বিকেলে উপজেলার দত্তপাড়া এলাকার রেললাইনের সূর্যনগর আন্ডারপাসের পশ্চিমে রেলসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
২৪ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ...
১ ঘণ্টা আগে