
কিশোরগঞ্জের করিমগঞ্জে আদালতের নির্দেশে উচ্ছেদ কার্যক্রম চালানোর সময় বিবাদী পক্ষ দোকানপাটে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নে বালিয়াবাড়ি বাজারে এই ঘটনা ঘটে। আগুনে চারটি দোকানের মালপত্র পুড়ে গেছে।
জানা গেছে, উচ্ছেদ অভিযানে করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কিশোরগঞ্জ আদালতের লোকজনের নেতৃত্বে দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। একটি এক্সকাভেটর দিয়ে পুড়ে যাওয়া দোকানপাটের টিন ও আসবাব সরানো হচ্ছে। পুলিশ সদস্যরা কাজ তদারকি করছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জয়কা ইউনিয়নের কুকিমাদল গ্রামের নজরুল ইসলাম ও মো. মোকারমের সঙ্গে বাজারের ২৯ শতক জমি নিয়ে বিরোধ ছিল। রাস্তার পাশে ওই জমিতে বেশ কিছু দোকান আছে। পুরো জমি এত দিন নজরুল ইসলামের দখলে ছিল। এসব নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার দরবার-সালিস হলেও কোনো সমাধান হয়নি। এ নিয়ে আদালতের দ্বারস্থ হন মোকারম। সম্প্রতি মামলায় মোকারমের পক্ষে রায় দেন আদালত। পরে আদালত জমিটি থেকে দোকানপাট উচ্ছেদের নির্দেশ দেন। এই উচ্ছেদ কার্যক্রম চালাতে গতকাল আদালতের লোকজন সেখানে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিবাদী নজরুলের ভাই সুলতান তাঁর দোকানে ঢুকে একটি গ্যাস সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেন। আগুনে তিনি নিজেও অনেকটা দগ্ধ হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। মুহূর্তে অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে নজরুল ও মোকারমের দুটিসহ মোট চারটি দোকান পুড়ে গেছে। এতে ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
মোকারম বলেন, ‘নজরুলরা আমার জমি দখল করে রেখেছিল দীর্ঘদিন ধরে। সেখানে সে দোকানপাট তুলে ভাড়া দিয়েছিল। আমিও বাধ্য হয়ে তার কাছ থেকে একটি দোকান ভাড়া নিয়েছিলাম। মামলার দীর্ঘদিন পর আদালত আমার পক্ষে রায় দেন। সোমবার দোকানপাট উচ্ছেদ করতে আদালত ও প্রশাসনের লোকজন সেখানে যায়। উচ্ছেদের সময় বিবাদী পক্ষ দোকানপাটে আগুন লাগিয়ে দেয়। আমার একটি দোকানও পুড়ে গেছে।’
এই ঘটনায় নজরুল ইসলাম বা তাঁর লোকজনের বক্তব্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের পর তাঁরা পালিয়ে গেছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির বলেন, ‘আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সেখানে উচ্ছেদ অভিযানের সময় বিবাদী পক্ষের একজন দোকানপাটে আগুন লাগিয়ে দেয়। আগুন নেভানোর পর উচ্ছেদ আদেশ তামিল করা হয়েছে। বাদী পক্ষকে ভূমি বুঝিয়ে দেওয়া হয়েছে।’
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেক আল মামুন বলেন, বিবাদী পক্ষ আগুন লাগিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আগুন লাগানোর ঘটনায় অভিযোগ করা হলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে