Ajker Patrika

আকভানের প্রভাবে বিপাকে উপকূলের জেলে, মোংলায় পণ্য খালাসে ধীর গতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৭: ১১
আকভানের প্রভাবে বিপাকে উপকূলের জেলে, মোংলায় পণ্য খালাসে ধীর গতি
নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন জেলেরা। ছবি: আজকের পত্রিকা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া বিরাজ করছে। গত দুই দিন ধরে বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। বৃষ্টিতে সুন্দরবনের দুবলার চরে শুঁটকি তৈরির জন্য শুকাতে দেওয়া কাঁচা মাছ ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া টানা বৃষ্টিতে মোংলা বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজেও কিছুটা ধীর গতি দেখা দিয়েছে। এতে জেলে ও শুঁটকি ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. সালাহউদ্দিন কবির বলেন, বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকলেও আবহাওয়া এখনো কাজের জন্য অনুকূলে রয়েছে। ফলে মোংলা বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তবে টানা বৃষ্টির কারণে কাজে কিছুটা সমস্যা হচ্ছে।

মোংলা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. হারুন উর রশিদ বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টি হচ্ছে। মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি প্রক্রিয়াকরণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সাগরে মাছ ধরা বন্ধ রেখে গত দুই দিন ধরে নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন জেলেরা। বৃষ্টিতে শুকাতে দেওয়া মাছ ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে দুবলার আলোরকোল থেকে মুঠোফোনে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, গত দুই দিন ধরে সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। মাছ ধরতে না পেরে শুঁটকি তৈরির কাজে নিয়োজিত জেলেরা নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকার খালে নিরাপদ আশ্রয় নিয়েছেন।

কামাল উদ্দিন আহমেদ আরও বলেন, দুই দিন আগে সাগর থেকে ধরে এনে শুকাতে দেওয়া মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। দ্রুত আবহাওয়া ভালো না হলে এসব মাছ নষ্ট হয়ে যাবে। শুঁটকি মৌসুমের শুরুতেই দুই দফা বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন জেলেরা।

আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, মৌসুমের শুরুতে দুই দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে পারেননি। এতে তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। গত দুই দিনের বৃষ্টিতে অনেক জেলের কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে দুবলার চরের শুঁটকি তৈরির কাজে নিয়োজিত জেলেরা গত দুই দিন ধরে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না। বর্তমানে দুবলার চর এলাকায় ১০ হাজারের বেশি জেলে অবস্থান করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত