বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘সরকার জনমত ও স্বাধীনতার চেতনা উপেক্ষা করে রাষ্ট্রীয় পাটকল গুলো বন্ধ করেছে। এখন লিজের নামে লুটপাটের আয়োজন সম্পন্ন করেছে। অতীতে বেসরকারিকরণের নামে যেসব কার্যক্রম সম্পন্ন হয়েছে তার অভিজ্ঞতা এটাই বলে।’
আজ রোববার বিকেল সাড়ে ৪টায় বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে খুলনার খালিশপুর এলাকায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে খালিশপুর জুট মিলের সামনে অনুষ্ঠিত সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আধুনিকায়ন করে রাষ্ট্রীয় খাতে পাটকল চালু না করে সরকার ব্যক্তি মালিকদের সুবিধা দেওয়ার জন্যই এই লিজ কার্যক্রম শুরু করেছে।’
রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, ‘পাট কল বন্ধ করলেও বিজেএমসি ও তাদের কর্মকর্তাদের বহর রেখে প্রতি মাসে কয়েক কোটি টাকার অপচয় করা হচ্ছে। অথচ এখনো শ্রমিকদের সমুদয় বকেয়া শতকোটি টাকা পরিশোধ করা হয়নি। বন্ধ পাটকলগুলোতে সুরক্ষা নাই। মেশিনারিসহ বিভিন্ন সরঞ্জাম লুটপাট হচ্ছে। অনেক জায়গায় জায়গা-জমিও লাপাত্তা হচ্ছে। এখন পুরো জমি লুটপাটের আয়োজন করারই অপেক্ষায় আছে।’
এ সময় রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, ‘সরকার কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে, চেতনার কথা বলে। কিন্তু সংবিধানের ১৩ নম্বর অনুচ্ছেদে দেশের অর্থনৈতিক নীতিমালা অনুযায়ী যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনার কথা তার উল্টো পথে অর্থনীতিকে চালিত করা হচ্ছে। তাই এখন পাকিস্তান আমলের ২২ পরিবারের বিপরীতে নতুন ২২ পরিবারের উদ্ভব হয়েছে। এরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে সেকেন্ড হোম ও বেগম পাড়া গড়ে তুলেছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিনিয়ত এ ধরনের লুটেরা কোটিপতি পরিবারের উদ্ভব হচ্ছে সরকারের নীতির কারণে। এরা কেন্দ্র থেকে শুরু করে স্থানীয় লুটপাটকারীদের সহযোগিতায় রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেই চলেছে। রাষ্ট্রীয় পাটকল চালাতে ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে। যারা এই কয়েকটি পাটকল ঠিকমতো চালাতে পারে না তাদের ক্ষমতায় থাকারও কোনো অধিকার নেই।’
লুটেরাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় বাংলাদেশকে অগ্রসর করতে হবে উল্লেখ করে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘একমাত্র কমিউনিস্ট ও বামপন্থীরাই এই কাজটি করতে পারবে।’ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পর এ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এবং আছে তারা দেশের স্বার্থ রক্ষা করেনি, তাদের স্বার্থ রক্ষা করেছে। বিএনপি জামাতের আমলে আদমজী পাটকল বন্ধ করা হয়েছে। আর বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে অবশিষ্ট পাটকলগুলোকে বন্ধ করা হয়েছে।’
তিনি বলেন, ‘আজ সারা দুনিয়ায় পাটের চাহিদা অনেক বেড়ে গেছে। পাট আমাদের ঐতিহ্য। একসময় আমাদের পরিচয় এরও অন্যতম বাহন ছিল। এর সঙ্গে গ্রামীণ কৃষিসহ পুরো শিল্প ব্যবস্থা জড়িত। এই শিল্পের উন্নয়নের মধ্য দিয়ে আমরা আমাদের স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা ও নতুন ভাবে রচনা করতে পারতাম। এখনো সময় আছে বন্ধ পাটকলগুলো আধুনিকীকরণ করে রাষ্ট্রীয় খাতে চালু করুন। আমরা হিসাব করে দেখেছি, এ ক্ষেত্রে দুই, চার হাজার কোটি টাকা খরচ করলেই আধুনিকায়ন করে পাটকল চালু সম্ভব। আর সরকারের দুর্নীতি লুটপাট ও অব্যবস্থাপনা দূর করতে পারলেই পাট খাত লাভজনক খাতে পরিণত হবে।’
পদ্মা সেতু চালু হলেও তার সুফল শ্রমিক ও মেহনতি মানুষের কাছে পৌঁছেনি উল্লেখ করে তিনি বলেন, ‘দক্ষিণ অঞ্চলে শিল্প ধ্বংস হয়ে গেছে। শ্রমিক মেহনতি মানুষের কাজ নেই, প্রকৃত আয় কমে গেছে, ঢাকায় যাওয়াসহ কমে গেছে। সরকার পদ্মা সেতু চালু করতে পারলেও রাষ্ট্রীয় খাতে পাটকল চালু না করার দায়ে অপরাধী।’
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির খুলনা জেলা সভাপতি ও বাম জোটের খুলনা জেলার সমন্বয়ক ডা. মনোজ দাস। এ ছাড়া বক্তব্য রাখেন—সিপিবির খুলনা জেলার সাধারণ সম্পাদক এস এ রশিদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের মোজাম্মেল হক খান, বাসদের কণা আক্তার, শ্রমিকনেতা নূরুল ইসলাম, আলমগীর কবির, আলমগীর হোসেন প্রমুখ।

রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
৩৪ মিনিট আগে
জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে