Ajker Patrika

কৃষক দল নেতা মজিবের মুক্তিসহ ৩ দফা দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৫: ৩৮
কৃষক দল নেতা মজিবের মুক্তিসহ ৩ দফা দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ
আজ সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কোতোয়ালি থানা এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। ছবি: আজকের পত্রিকা

জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মজিবর রহমান মজিবের নিঃশর্ত মুক্তিসহ তিন দফা দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ করেছেন পরিবহনশ্রমিকেরা। এতে দিনাজপুর শহরে প্রবেশের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চিকিৎসা নিতে আসা রোগীসহ সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কোতোয়ালি থানা এলাকায় অবরোধ শুরু করেন শ্রমিকেরা। একই সঙ্গে কাঞ্চনঘাট, কলেজ মোড়, সুইহারী, সিঅ্যান্ডবি মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন তাঁরা।

শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—মজিবর রহমান মজিবের নিঃশর্ত মুক্তি, তাঁর বিরুদ্ধে করা মামলার বাদী সিআইডির পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমানকে গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার রাতে দিনাজপুর কোতোয়ালি থানার ভেতরে সিভিল পোশাকে থাকা সিআইডির পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমানকে থাপ্পড়, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মজিবর রহমান মজিবের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ তাঁকে আটক করে।

এজাহার সূত্রে আরও জানা যায়, একটি মামলার নথিপত্র সংগ্রহ এবং আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে সিভিল পোশাকে থানায় যান সিআইডির পরিদর্শক নওয়াবুর রহমান। একই সময়ে থানার ওসির সঙ্গে দেখা করতে যান মজিবর রহমান। ওসি থানায় না থাকায় ওসির কক্ষের সামনে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মজিবর রহমান ওই পুলিশ কর্মকর্তার গালে থাপ্পড় মারেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

পরে থানায় থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মজিবর রহমানকে আটক করেন। এ ঘটনায় পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে মজিবর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এদিকে সড়কে অবস্থান নেওয়া শ্রমিকেরা অভিযোগ করেন, তাঁদের নেতাকে আটক করে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। এর প্রতিবাদে মজিবর রহমানের নিঃশর্ত মুক্তি, মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ওসিকে বদলির দাবিতে তাঁরা সড়ক অবরোধ করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান তাঁরা।

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাইয়ুম বলেন, ‘মজিবর রহমান মজিব আমাদের মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির নেতা। আমাদের এক চালকের মাথা ফাটানোর ঘটনায় পুলিশ প্রশাসনের পরামর্শে অভিযোগ দিতে আমরা থানায় যাই। সেখানে কথা বলার একপর্যায়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। বিষয়টি সমাধানের জন্য আমরা রাত ৩টা পর্যন্ত চেষ্টা করি। কিন্তু কোনো সমাধান হয়নি। পরে মামলা করা হয়।’

তিনি আরও বলেন, ‘সকালে আদালতে জামিন নিতে গিয়ে জানতে পারি, আমাদের নেতাকে আটক করা হয়েছে এবং থানায় তাঁকে মারধর করা হয়েছে। কেন তাঁকে মারা হলো—এ নিয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ কারণে তাঁর নিঃশর্ত মুক্তি, অভিযোগকারী পুলিশ সদস্যকে গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ওসিকে বদলির দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।’

উল্লেখ্য, মজিবর রহমান দিনাজপুর জেলা কৃষক দলের সদস্যসচিব ছিলেন। সোমবার দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত