খুলনা নগরীর নিরালা এলাকায় সালমান (২৩) নামের এক যুবককে গুলি করে ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা এলাকার ১৭ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত সালমান নগরীর ১৬ নম্বর সড়কের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি ক্যামেল সিগারেট কোম্পানির কর্মচারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ১৭ নম্বর সড়কে ক্যামেল সিগারেট কোম্পানির কার্যালয়ের সামনে কাজ করছিলেন সালমান। এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাঁর কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
স্থানীয়দের ধারণা, ব্যাগে টাকা রয়েছে—এমন ধারণা থেকে দুর্বৃত্তরা সালমানকে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে থাকতে পারে। তবে ব্যাগের ভেতরে কী ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে ওই যুবককে গুলি করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।









