খুলনা নগরের টুটপাড়া এলাকায় জুম্মন (২৫) নামের এক যুবককে গুলি করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে টুটপাড়া আমতলা মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জুম্মন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি টুটপাড়া দারোগার বস্তি এলাকার লুৎফর রহমানের ছেলে। এর ১৫ দিন আগেও তিনি হামলার শিকার হয়েছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় টুটপাড়া আমতলা মোড়ের একটি মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন জুম্মন। এ সময় হেলমেট পরা তিন যুবক মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। একটি গুলি তাঁর বাঁ পায়ের উরুতে লাগে। পরে হামলাকারীরা তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় একটি সূত্রের দাবি, জুম্মন টুটপাড়া এলাকার পরিচিত মাদক কারবারি বিসমিল্লাহর ভাতিজা। তিনিও মাদক কারবারে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া খুলনার এক শীর্ষ সন্ত্রাসীর হয়ে তিনি ওই এলাকায় মাদক বিক্রি করতেন বলে সূত্রটি দাবি করেছে।
ওই সূত্র আরও জানায়, প্রায় ১৫ দিন আগে একটি বিশেষ বাহিনীর সদস্যরা জুম্মনের বাড়িতে গিয়ে গুলি চালিয়েছিলেন। সেদিন পরিবারের সদস্যরা পালিয়ে প্রাণে রক্ষা পান বলে দাবি করা হয়েছে। তবে আগের ঘটনার সঙ্গে শনিবারের হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে খুলনার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, টুটপাড়া খালপাড় এলাকা থেকে দুর্বৃত্তরা এসে গুলি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গভীর রাত হওয়ায় কেউ ঘটনার বিষয়ে তথ্য দেয়নি। তবে পুলিশ তদন্ত করছে।
ওসি আরও বলেন, গুলিবিদ্ধ যুবক স্থানীয় এক মাদক কারবারির ভাতিজা।










