জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজই শেষ লিটনের

টসের সময়ই সন্দেহটা তৈরি হয়েছিল। লিটন দাসের পরবর্তী টস করতে আসেন তাওহীদ হৃদয়। পরে শোনা যায় চোটের কারণে এই ম্যাচ খেলা হচ্ছে না লিটনের। এবার এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ দিলেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস হেরে জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ। শুধু এই ম্যাচ নয়, চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন লিটন। এক ভিডিও বার্তায় বায়েজেদুল বিষয়টি নিশ্চিত করেছেন।
বায়েজেদুল বলেন, ‘লিটন ব্যথার কথা জানানোর পর গতকাল আমরা এমআরআই করিয়েছি। এমআরআইয়ের রিপোর্টে জানা গেছে, তাঁর ডান হিপ জয়েন্টে কিছুটা সমস্যা আছে। তারপরও আজ লিটন ফিটনেস টেস্টে চেষ্টা করেছিল, দেখা যাক পারা যায় কি না। কিন্তু সে আমাদের প্রত্যাশিত ফিটনেসের মানদণ্ড পূরণ করতে পারেনি। তাই এই সিরিজে তাকে পাওয়া যাবে না।’
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হওয়ার কথা ছিল। তাঁর অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা। সিরিজে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সিরিজের ফাইনাল হবে ২৩ অক্টোবর।









