
খুলনার বটিয়াঘাটায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাসজমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এসব ভবনের মধ্যে রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানও। এসব ভবনের কাজ বন্ধের জন্য এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দিয়েছেন খুলনা পাউবোর নির্বাহী প্রকৌশলীর কাছে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সুরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুন্দরমহল বাজারের পেছনে পাউবোর মালিকানাধীন শূন্য দশমিক ৭৫ একর জমি দখল করে বালু ভরাটের মাধ্যমে গড়ে তোলা হয়েছে একাধিক স্থায়ী পাকা ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান। তথ্য অনুসন্ধানে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ২৯ নম্বর পোল্ডারে অবস্থিত সুন্দরমহল বাজারটি। ইতিমধ্যে প্রায় ২০-২৫টি পাকা স্থাপনা নির্মিত হয়েছে বাজারে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে জমি দখল করে ভবন নির্মাণের পর অনেকেই আবার তা বিক্রি করছেন। প্রতিনিয়ত বাড়ছে দখলের পরিমাণ ও দখলদারদের দৌরাত্ম্য।
উপজেলা প্রশাসন বলছে, জমিটি তাদের পেরিফেরি ভূমির আওতায় নয়, তাই আইনগত ব্যবস্থা নেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। প্রশাসনের দাবি, এ জমির মালিক পানি উন্নয়ন বোর্ড। উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পাউবোরই।
অন্যদিকে পাউবোর বেশ কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বললে তাঁরা বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। কোনো কোনো কর্মকর্তা দখল নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান। এতে স্থানীয়দের ধারণা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, স্থানীয় কিছু রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায় মোটা অঙ্কের টাকার বিনিময় এসব স্থাপনা গড়ে উঠেছে।
সাবেক ইউপি সদস্য শাহারুল বিশ্বাস বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে একটি মহল অবৈধ পাকা ভবন নির্মাণ করে চলছে। তাদেরকে নিষেধ করলেও শোনে না।’ তিনি আরও বলেন, ‘এখানে ছোট-বড় অন্তত ২০-২৫টি পাকা স্থাপনা রয়েছে।’
বাজারের ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর সুরখালী ইউনিয়নের আমির মো. ইয়াছিন আরাফাত বলেন, ‘আমরা চাই বাজার উন্মুক্ত ও দখলমুক্ত হোক।’
বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘সরকারি জায়গায় পাকা ভবন নির্মাণ অবৈধ। তারপরও একটি মহল প্রকাশ্যে পাকা ভবন নির্মাণ করে চলেছে।’
সুন্দরমহল বাজার কমিটি ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল কাশেম গাজী বলেন, জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের হলেও কিছু অংশ ব্যক্তিমালিকানাধীন। তিনি বলেন, ‘এলাকার ব্যবসার স্বার্থেই আমরা বালু ভরাট করে মার্কেট করেছি।’
বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল-ইভান বলেন, অবৈধ নির্মাণের অভিযোগ পেয়ে স্থানীয় সুরখালী ভূমি অফিসের নায়েব মো. জাকির হোসেনকে পাঠানো হয়েছিল। পরে জানা যায়, জমিটি পানি উন্নয়ন বোর্ডের। তাই উচ্ছেদের দায়িত্ব তাদের (পাউবো)।
ইএনও থান্দার কামরুজ্জামান বলেন, ‘আমি উপজেলায় নতুন এসেছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খুলনা পাউবোর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, ‘সম্প্রতি এলাকাবাসী ও ব্যবসায়ীদের এক লিখিত অভিযোগের ভিত্তিতে বেশ কিছু লোকের নাম তদন্তে আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা এবং ঘর নির্মাণকাজ বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শিক্ষার্থী মো. রাসেল (১৭)। কিন্তু এই সুখবর জেনে যেতে পারল না সে। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে সে। গত সোমবার পরীক্ষার ফলাফল দেখার পর রাসেলের শোকে পরিবার, স্বজন ও সহপাঠীরা কেবল কাঁদছে।
৪ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের অন্তত ২০০ মিটার অংশ ধসে পড়েছে। গত শুক্রবার উপজেলার কালীবাড়ি এলাকায় চালিতাবুনিয়া খাল ঘেঁষে সড়কে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুসারে ঠিকাদারের কাজ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ অনিয়মের কারণে সড়কের এই হাল হয়েছে।
৪ ঘণ্টা আগে
এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে ২৪ জন পরীক্ষায় অংশ নেয়। সবাই অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা অফিস।
৪ ঘণ্টা আগে
গভীর রাত। হঠাৎ পাহাড়ের নীরবতা ভাঙে গাছ ভাঙার শব্দে। আতঙ্কে ঘুম ভাঙে আশপাশের বাসিন্দাদের। ঘর থেকে বেরিয়ে দেখে, একদল বন্য হাতি এগিয়ে আসছে। মশাল জ্বালিয়ে, ঢাকঢোল পিটিয়ে, চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা শুরু হয়। কখনো হাতির পাল ফিরে যায় পাহাড়ে, কখনো ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
৪ ঘণ্টা আগে