
খুলনার দিঘলিয়ায় বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের পাশের ভবনে কাজ করা কয়েকজন নির্মাণশ্রমিক বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। বর্তমানে সে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী উপজেলার গাজীরহাট নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ে পাঠদান শেষে বাথরুমে যায় ওই ছাত্রী। সেখানে যাওয়ার পর পেছন থেকে অজ্ঞাতনামা কেউ তাকে মারধর করে চেতনানাশক স্প্রে প্রয়োগ করে বলে অভিযোগ উঠেছে। পরে জ্ঞান ফিরলে সে দেখতে পায়, তার হাত-পা বাঁধা।
এ সময় বাথরুমের ভেতর থেকে চিৎকার করতে থাকে ওই ছাত্রী। পাশের একটি ভবনে কাজ করা নির্মাণশ্রমিকেরা বিষয়টি টের পেয়ে বিদ্যালয়ে ছুটে যান। পরে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন তাঁরা।
উদ্ধারের পর স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। তবে কে বা কারা এবং কী কারণে তার সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে ছাত্রীটি। তবে হামলাকারীদের সে দেখতে পায়নি। এ কারণে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি।
ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
২ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
২ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিস্তৃত সবুজ আমন ধানের খেত। মৃদু বাতাসে দোল খাচ্ছে ধানের পাতা। এ দৃশ্যে অনেকের চোখ জুড়ালেও পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষক দুলাল ইসলামের মন ভারাক্রান্ত। কারণ পোকার আক্রমণে তাঁর খেতের অনেক ধান নষ্ট হয়ে গেছে। অথচ তাঁর ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কখনো খোঁজ নেননি—অভিযোগ দুলালের।
৩ ঘণ্টা আগে