Ajker Patrika

খুলনায় পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী রিফাত গ্রেপ্তার, ছাড়া পেলেন ‘চিংড়ি পলাশের’ স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪০
খুলনায় পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী রিফাত গ্রেপ্তার, ছাড়া পেলেন ‘চিংড়ি পলাশের’ স্ত্রী
অস্ত্রসহ গ্রেপ্তার সন্ত্রাসী রিফাত তালুকদার। ছবি: সংগৃহীত

খুলনায় শীর্ষ সন্ত্রাসী সংগঠন ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য হিসেবে পুলিশের তালিকাভুক্ত চিংড়ি পলাশের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ তাঁর স্ত্রী টিকলি মাক্কি রানীকে (৩০) গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে এবং রিফাত তালুকদার (২২) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া আজ বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘চিংড়ি পলাশের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল, ৯টি গুলি ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই স্থান থেকে পলাশের স্ত্রী টিকলি মাক্কি রানী ও রিফাত তালুকদার নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তার রিফাত তালুকদার যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার মো. ইদ্রিস তালুকদারের ছেলে।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, গ্রেপ্তার রিফাত তালুকদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

এর আগে দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেছিলেন, টিকলি মাক্কি রানীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, স্বামী পলাশ গ্রেপ্তার হওয়ার পর দুই সন্তান নিয়ে তিনি ঢাকায় চলে যান। এরপর সেখানে একটি গার্মেন্টসে চাকরি নেন। স্বামীর সংসারে আর তিনি ফিরতে চাননি। পরে তাঁর ভাশুর স্বামীর জামিনের মিথ্যা তথ্য দিয়ে তাঁকে খুলনায় নিয়ে আসেন। তিনি এর সঙ্গে জড়িত নন বলে পুলিশকে জানান।

আহাদুজ্জামান মিয়া বলেছিলেন, পলাশের বাড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় তাঁর স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে। তবে বিকেলে বলা হয়েছে, অভিযোগ না পাওয়ায় পলাশের স্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়নি।

পুলিশ জানায়, ২০২৫ সালের ৭ ডিসেম্বর যশোর থেকে চিংড়ি পলাশকে গ্রেপ্তার করে র‍্যাব-৬। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। পুলিশের দাবি, খুলনা ও আশপাশের জেলার চিংড়িঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে সোনাডাঙ্গা থানায় আটটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত