খুলনায় শীর্ষ সন্ত্রাসী সংগঠন ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য হিসেবে পুলিশের তালিকাভুক্ত চিংড়ি পলাশের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ তাঁর স্ত্রী টিকলি মাক্কি রানীকে (৩০)গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, চিংড়ি পলাশের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল, ৯টি গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই স্থান থেকে পলাশের স্ত্রী টিকলি মাক্কি রানীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, স্বামী পলাশ গ্রেপ্তার হওয়ার পর দুই সন্তান নিয়ে তিনি ঢাকায় চলে যান। এরপর সেখানে একটি গার্মেন্টসে চাকরি নেন। স্বামীর সংসারে আর তিনি ফিরতে চাননি। পরে তাঁর ভাশুর স্বামীর জামিনের মিথ্যা তথ্য দিয়ে তাঁকে খুলনায় নিয়ে আসেন। তিনি এর সঙ্গে জড়িত নন বলে পুলিশকে জানিয়েছেন।
আহাদুজ্জামান মিয়া বলেন, পলাশের বাড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় তাঁর স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে। তবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী পলাশের বড় ভাইয়ের সংগ্রহে ছিল এই অস্ত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ ডিসেম্বর যশোর থেকে চিংড়ি পলাশকে গ্রেপ্তার করে র্যাব-৬। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। পুলিশের দাবি, খুলনা ও আশপাশের জেলার চিংড়িঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে সোনাডাঙ্গা থানায় আটটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে নগরের লবণচরা থানার জোড়া হত্যা মামলার আসামি আওয়ালের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের হরিণটানা এলাকার আল আকসা জামে মসজিদ গলির একটি পরিত্যক্ত রান্নাঘর থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লবণচরার আশিবিঘা এলাকায় জোড়া হত্যা মামলায় সম্প্রতি আওয়ালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর কাছে অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়।
এর ভিত্তিতে পুলিশ আল আকসা জামে মসজিদ গলির আবদুল জালাল হাওলাদারের বাড়ির পরিত্যক্ত রান্নাঘরে অভিযান চালায়। সেখানে তুষের বস্তার পাশ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আওয়ালের দেখানো স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

গাইবান্ধায় মোটরসাইকেলের ট্যাংকি ও সিটের নিচ থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এ সময় চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন আলতাফ হোসেন।
১ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদল ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। বিএনপি ও এনসিপি ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে।
৬ মিনিট আগে
রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকায় বাসার সাততলার ছাদ থেকে পড়ে আলিফ (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পূর্ব ইসলামবাগ বউবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
৯ মিনিট আগে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আবেদন করতে এসে এক নারী ও তাঁর সহযোগী আটক হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এনআইডি তৈরির সময় তাঁদের দেওয়া তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ও পরিচয়সংক্রান্ত তথ্যে অসঙ্গতি ধরা পড়লে তাঁদের আটক করা হয়।
১৫ মিনিট আগে