খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার

খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ মো. জনি (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গতকাল শনিবার গভীর রাতে খুলনা মহানগরীর (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার জনি স্থানীয় সন্ত্রাসী ‘আশিক বাহিনীর’ প্রধান শুটার হিসেবে পরিচিত। তিনি খুলনা শহরের চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।

আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস দল শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জনির অবস্থান শনাক্ত করে তাঁকে ঘিরে ফেলা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, জনি ও তাঁর সহযোগীরা দীর্ঘ দিন ধরে খুলনার শিপইয়ার্ড এলাকায় অস্ত্র উঁচিয়ে অপরাধমূলক কার্যক্রম ও ত্রাস সৃষ্টি করে আসছিল। প্রাথমিক অনুসন্ধানে জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা এবং হত্যাচেষ্টাসহ অন্তত চারটি গুরুতর মামলার তথ্য পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাঁকে খুলনার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।









