নাইক্ষ্যংছড়িতে পানির নিচ থেকে ৩ বস্তা ইয়াবা উদ্ধার, নারী আটক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দক্ষিণ মৌলভীকাটায় একটি বাঁধের পানির নিচ থেকে তিন বস্তা ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-১৫। আজ বুধবার দুপুরে ১৪ ঘণ্টার অভিযান শেষে খালেদা বেগম (৪০) নামের এক নারীকে আটক করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আবু শাহমা, শহীদুল্লাহ ও জনপ্রতিনিধি মোহাম্মদ ইউনুস বলেন, ইয়াবার খনিখ্যাত কম্বানিয়ার পার্শ্ববর্তী দক্ষিণ মৌলভীকাটায় গতকাল মঙ্গলবার রাতে অভিযান শুরু হয়। আজ দুপুরে অভিযানে সফলতা আসে।
অভিযানকারী দল দক্ষিণ মৌলভীকাটার নুরু-খালেদার বাড়ির পাশের একটি ছড়ায় দেওয়া বাঁধের পানি থেকে তিন বস্তা ইয়াবা জব্দ করে। ডুবুরি দিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে বস্তাগুলো উদ্ধার করা হয় বলে জানায় তারা।
উদ্ধার করা বস্তাগুলোতে তিন লাখ পিস বার্মিজ ইয়াবা ছিল বলে প্রত্যক্ষদর্শী ও জনপ্রতিনিধিরা দাবি করেন। তাঁদের হিসাবে, ইয়াবা ট্যাবলেটগুলোর মূল্য প্রায় চার কোটি টাকা।
আটক খালেদা বেগমের স্বামী নুরু ও ছেলে রায়হান অভিযানের আগে পালিয়ে গেছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।
কক্সবাজারের এসআরবির একটি সূত্র ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত পরে জানানো হবে বলে জানায়।
গ্রামবাসীরা জানান, ইয়াবা কারবারে জড়িত কয়েকজন হলেও অধিকাংশই বহিরাগত। প্রশাসনের তাড়ায় পাচারকারীরা নিরীহ মানুষের বাড়িতে ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে গেলে সাধারণ মানুষ মামলার আসামি হতে পারেন—এ নিয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।
এসআরবি-১৫ সূত্র জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। রামু থানায় মামলা হচ্ছে।









