
জয়পুরহাটের আক্কেলপুরে এসএসসি পাস মেধাবী এক কিশোরীকে চার বছর ধরে ঘরে আটকে রেখে মানসিকভাবে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার বাবা এনামুল হক ও সৎমা ফুতি বেগমের বিরুদ্ধে। মেয়েটিকে একটি অন্ধকার, স্যাঁতসেঁতে ঘরে দিনের পর দিন বন্দী করে রাখা হয়। নিয়মিত দেওয়া হতো চেতনানাশক ইনজেকশন। অবশেষে প্রতিবেশীদের সহায়তায় তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয়। তাকে চিকিৎসার নির্দেশ দিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে আক্কেলপুর পৌরসভার মণ্ডলপাড়া মহল্লায়। অভিযুক্ত এনামুল হক আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। পাশাপাশি তিনি উপজেলার জাফরপুর বাজারেও চেম্বার বসিয়ে রোগী দেখেন।
গত শনিবার (২৭ জুলাই) বিকেলে স্থানীয়দের সহায়তায় পুলিশ বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মেয়েটিকে উদ্ধার করে। মেয়েটির নাম লিজা আক্তার। সে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল।
স্থানীয় বাসিন্দা তুহিন হোসেন বলেন, ‘লিজা দেখতে সুন্দরী ছিল। বড় মেয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করায় ছোট মেয়েটির ক্ষেত্রেও একই ভয় থেকে এনামুল তার পড়াশোনা বন্ধ করে দেয় এবং ঘরবন্দী করে রাখে। চেতনানাশক ইনজেকশন দিয়ে রাখা হতো। প্রতিবাদ করলেই চলত মারধর।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিজার ঘরে ছিল মাত্র একটি ছোট ফ্যান ও একটি বাতি। ঘরের সব জানালা-দরজা বাইরে থেকে পেরেক মারা ছিল। বাড়ির পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও বাতাসহীন। প্রতিবেশীদের অভিযোগ, মেয়েটির চিৎকার প্রায়ই শোনা যেত, কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হতো না।
প্রতিবেশী রাসিক জনি বলেন, ‘ঘরবন্দী করে বাবা ও সৎমা মিলে মেয়েটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। অনেক সময় তার মাথাও ন্যাড়া করে দেওয়া হয়েছিল।’
তবে সৎমা ফুতি বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি নিজেও ঘরবন্দী। বাইরে যেতে দিতেন না স্বামী। মেয়ের দেখাশোনা করতাম আমি, তবে নির্যাতন করিনি।’
লিজার বাবা এনামুল হক বলেন, ‘বড় মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করায় মান-সম্মান নষ্ট হয়েছে। ছোট মেয়ে যাতে পালিয়ে না যায়, তাই তাকে বাইরে যেতে দিইনি। ছেলেরা জানালা দিয়ে বিরক্ত করত, তাই সব জানালা বন্ধ করে দিয়েছি।’
ঘটনাস্থলে থাকা আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র বলেন, ‘মেয়েটিকে খুবই অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল। তাকে মুক্ত করে উন্নত চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেশীদের প্রবেশে বাধা না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।’
আরও খবর পড়ুন:

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৫ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
৮ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২৯ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩২ মিনিট আগে