
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে পোলট্রি খামারি ও হ্যাচারি ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকুর বাসায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতেরা তাঁকে ও তাঁর স্ত্রী বিলকিস আরাকে মারধর করে একটি কক্ষে আটকে রেখে বিপুল স্বর্ণালংকার, টাকা ও দামি ঘড়ি লুট করে।
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে জামালগঞ্জ বাজারসংলগ্ন পাহাড়পুর বৌদ্ধবিহার সড়কের পাশে অবস্থিত ‘মিশু নীড়’ নামের দোতলা বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা প্রায় ৫ লাখ টাকা, দেড় শ ভরি স্বর্ণালংকার ও তিন লক্ষাধিক টাকার ছয়টি ঘড়ি নিয়ে গেছে। তবে এ ঘটনায় করা মামলায় ৩০ ভরি স্বর্ণ, ৫ লাখ টাকা ও ছয়টি ঘড়ির কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী ইসমাইল হোসেন টুকুর ছেলে রাসেল হোসেন বলেন, ‘পুলিশ যেভাবে আমাদের বলেছে, সেভাবেই আমরা মামলা করেছি। স্বর্ণের পরিমাণ বড় বিষয় নয়, আমরা খোয়া যাওয়া স্বর্ণগুলো দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।’ শনিবার সকালে জয়পুরহাটের সার্কেল এএসপি আরিফ হোসেন ও আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে শনিবার সকাল ১০টায় ইসমাইল হোসেন টুকুর সুরম্য বাসায় গিয়ে দেখা গেছে, রান্নাঘরের একটি জানালার গ্রিল খোলা রয়েছে। ইসমাইল হোসেনের স্বজন ও প্রতিবেশীরা বাসায় ভিড় করছিলেন।

ডাকাতির বিষয়ে গৃহকর্ত্রী বিলকিস আরা বলেন, ‘মুখোশধারী পাঁচজন ডাকাত আমাদের ঘরে ঢুকেছিল। একজন বাইরে পাহারা দিচ্ছিল। ডাকাতেরা আমাকে ও আমার স্বামীকে চাপাতি দিয়ে আঘাত করে। এরপর তাঁরা আমাদের মারধর করে একটি ঘরে আটকে রাখে। প্রথম তলায় আমরা স্বামী-স্ত্রী থাকি। দ্বিতীয় তলায় ছেলের পরিবার থাকে। আমার ঘরের আলমারিতে প্রায় ৫ লাখ টাকা ও ১০০ ভরি স্বর্ণ ও আমার ছেলের ঘরে আরও ৫০ ভরি স্বর্ণ ছিল। ডাকাতেরা সব স্বর্ণালংকার, দামি ঘড়ি নিয়ে পালিয়ে গেছে।’
এ বিষয়ে গৃহকর্তা ইসমাইল হোসেনের ছেলে রাসেল বলেন, ‘আমি বগুড়া ছিলাম। বাসায় ডাকাতির কথা জেনে ছুটে এসেছি। ডাকাতেরা আমার মা-বাবাকে মারধর করেছে। বাসার সিসি ক্যামেরা ফুটেজে ডাকাতদের দেখা গেছে। ডাকাত দলের সদস্যদের সবার মুখ বাঁধা ছিল। তাঁদের হাতে চাপাতি ছিল। ডাকাতদের সবার বয়স ৩০-এর মধ্যে হবে বলে মনে হচ্ছে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় ছেলেকে সঙ্গে নিয়ে ইসমাইল হোসেন থানায় এসেছিলেন। একটি মামলা করেছেন। মামলায় টাকা, তিন লাখ টাকার ছয়টি ঘড়ি ও ৩০ ভরি স্বর্ণালংকার খোয়া যাওয়ার কথা উল্লেখ করেছেন।’
গৃহকর্ত্রী বিলকিস আরা দাবি করেছেন, ডাকাতেরা তাঁদের দেড় শ ভরি স্বর্ণালংকার লুট করেছে, এমন প্রশ্নে ওসি মাসুদ রানা বলেন, ‘প্রথমে এ রকম কথা আমাদেরও বলেছিল। তবে গৃহকর্তা ৩০ ভরি স্বর্ণের কথা বলেছেন। তিনি মামলার এজাহারেও ৩০ ভরি স্বর্ণের কথা বলেছেন। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।’

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একজন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত রোববার (১০ মে) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে লেখেন, ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’ এ কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বাকিতে দোকানের পণ্য না দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তিনটি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানো হয়। হামলায় পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজি কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর নামের দোকানে...
৫ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। হামলাকারীরা দুমকী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও ফুটেজ...
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহসভাপতি মো. ইকবাল হোসেনকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বৃদ্ধ মা স্ট্রোকে মারা গেছেন। অভিযানের তিন দিন আগে পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি), অভিযান, জং ধরা বন্দুক ও মামলা—সবকিছুই গোঁজামিলে ভরা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৫ ঘণ্টা আগে