ঠিকাদার কাজ না করায় বাতিল চুক্তি, দুর্ভোগে অন্তত ২০ গ্রামের মানুষ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের একটি সড়ক সংস্কারের কাজ পেয়েও তা শুরুই করেননি ঠিকাদার। দরপত্র ও কার্যাদেশের নির্ধারিত মেয়াদ শেষ হলেও কাজ শুরু না করায় শেষ পর্যন্ত ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এখন নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। ফলে কবে নাগাদ সড়কটির সংস্কারকাজ শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
এদিকে চার বছরের বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়কটিতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে অন্তত ২০ গ্রামের কয়েক লাখ মানুষ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ও সাব্দালপুর ইউনিয়ন এবং চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া ও রায়পুর ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মহেশপুর উপজেলার খর্দ খালিশপুর গ্রামে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাড়ি। গ্রামের প্রায় চার কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ওই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন।
সড়কের এমন অবস্থায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ যাত্রীরা। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।
এলজিইডি সূত্রে জানা গেছে, জনদুর্ভোগ কমাতে গত বছরের ২৪ সেপ্টেম্বর সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজের দায়িত্ব পান ঠিকাদার রফিকুল ইসলাম। তবে কার্যাদেশ পাওয়ার পর নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন তিনি। গত ১৩ এপ্রিল কাজের নির্ধারিত মেয়াদ শেষ হলেও সংস্কারকাজ শুরুই করেননি।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান জানান, চার-পাঁচ বছর ধরে সড়কটির অবস্থা খুবই খারাপ। শুনেছিলেন, সংস্কারের জন্য দরপত্র হয়েছে এবং ঠিকাদারও কাজ পেয়েছেন। কিন্তু এত দিন পার হলেও কাজ শুরু হয়নি।

স্থানীয় কলেজশিক্ষক শামিম হোসেন বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। খানাখন্দের কারণে প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। রোগীদের হাসপাতালে নিতেও সমস্যা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। দ্রুত সংস্কারকাজ শুরু না হলে এই দুর্ভোগের অবসান হবে না।
এ বিষয়ে জানতে ঠিকাদার রফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
মহেশপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আজিজুল হক বলেন, কাজ শুরু না করায় সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। ওই ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজিজুল হক আরও বলেন, সড়কটি সংস্কারের জন্য নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষ হলে কাজ শুরু করা সম্ভব হবে। চার কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৭৬ লাখ টাকা।









