Ajker Patrika

সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ০৫
সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম
সমন্বয় সভায় বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে। তাঁর অভিযোগ, বিএনপি একের পর এক সংকট তৈরি করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে।

আজ সোমবার বিকেলে ঝালকাঠি শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় এনসিপি ঝালকাঠি জেলা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বিএনপি সরকার সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় এসেছে। ছয় মাস অতিবাহিত হয়েছে। কিন্তু বিএনপির অবস্থা দেখে মনে হচ্ছে, ৫ আগস্ট অভ্যুত্থানের পরে যেন ৬ আগস্ট বিএনপিই ক্ষমতায় এসেছে। এর আগে দেড় বছর যে একটি অন্তর্বর্তীকালীন সরকার সময় পার করল, সেই সময় আমরা এত সংকট দেখিনি। কিন্তু আমরা বর্তমানে দেখছি বিএনপি, একটি একটি করে সংকট তৈরি করে যাচ্ছে।

এনসিপি নেতা বলেন, আপনারা দেখেছেন গ্যাসের সংকট, বিদ্যুতের তীব্র লোডশেডিং, কৃষক ঠিকমতো সার পাচ্ছে না। প্রতিটি প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে, স্বজনপ্রীতি করা হচ্ছে। আমরা যখন এগুলোর প্রতিবাদ করছি, আমাদের সহযোদ্ধাদের চোখ রড দিয়ে পিটিয়ে নষ্ট করে ফেলা হচ্ছে।

সারজিস বলেন, ‘একদিকে মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ্য করতে পারছে না। আরেকদিকে প্রতিটি প্রতিষ্ঠানে দলীয়করণ করা হচ্ছে। আজকে আপনারা থানায় যান, ইউনিয়ন অফিসে যান, ভূমি অফিসে যান, একটা কাজের জন্য সরকারি একটা প্রতিষ্ঠানে যান, প্রত্যেকটা জায়গায় দেখবেন, আপনার দলীয় সুপারিশ লাগে, ঠিক আগের মতো। প্রত্যেকটা জায়গায় দেখবেন, আপনি আপনার ন্যায্য বিচার পাওয়ার কথা, আপনি পাবেন না।’

সারজিস আলম বলেন, ‘আমাদের মনে হচ্ছে সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গিয়েছে। সরকারের অনেক এমপিরা এখনো বলছে, আমরা এখনো শিশু সরকার। আপনারাই বলেন, পাঁচ বছরের সময় আপনারা এখনো শিশু সরকার, তাহলে কবে আপনি তরুণ হবেন, কবে আপনি যুবক হবেন, কবে বয়োজ্যেষ্ঠ হবেন, আমাদেরকে বলেন। তাহলে ওই অনুযায়ী আমরা আপনাদেরকে প্রশ্ন করব।?’

ঝালকাঠি জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় দলটির সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, এনসিপির নারী নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত