Ajker Patrika

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি
ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু
মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মৃত্যু হয় নুরুল ইসলামের। ছবি : আজকের পত্রিকা

ফেনীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার শহরের মুক্তবাজার ও সদর উপজেলার ফকিরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন মুক্তবাজার এলাকার শাহজালাল ক্র্যাশিং মিলের মালিক নুরুল ইসলাম (৫৫) এবং ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সায়েদুল ইসলাম (৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আড়াইটার দিকে শহরের মুক্তবাজার স্টাডি কেয়ার কোচিংয়ের পাশে শাহজালাল ক্র্যাশিং মিলে মসলা ভাঙানোর কাজ করছিলেন নুরুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত তাঁর পরনের লুঙ্গি মেশিনের বেল্টে পেঁচিয়ে যায়। এতে তিনি মেশিনের সঙ্গে আটকে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাটে ব্যাটারিচালিত ভ্যানের চাপায় সায়েদুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়। সে ফকিরহাট এলাকার নুর করিম হাফেজ বাড়ির ইসমাঈলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবার সঙ্গে ফকিরহাট বাজারে যায় সায়েদুল। সেখানে ডাব বহনকারী ব্যাটারিচালিত একটি ভ্যান চাবি লাগানো অবস্থায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। শিশু সায়েদুল অসতর্কতাবশত ভ্যানের হ্যান্ডেলে চাপ দিলে সেটি দ্রুতগতিতে ছুটে তাকে চাপা দেয়। উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, মসলা ভাঙানোর মেশিনে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ফকিরহাটে শিশুমৃত্যুর ঘটনায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত