Ajker Patrika

যবিপ্রবির ৫ কর্মকর্তা-কর্মচারীর জাল সনদ, ফেঁসে গেলেন দুই সাবেক রেজিস্ট্রারও

যশোর প্রতিনিধি
যবিপ্রবির ৫ কর্মকর্তা-কর্মচারীর জাল সনদ, ফেঁসে গেলেন দুই সাবেক রেজিস্ট্রারও

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগে সাবেক দুই রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পাঁচ কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের বিরুদ্ধে প্রথমে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব।

গত ১৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী।

অন্য অভিযুক্তরা হলেন—বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, সেকশন অফিসার (গ্রেড-২) মোছা. হাসনা হেনা, সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী সুমন হোসেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এই পাঁচ কর্মকর্তা-কর্মচারী চাকরির আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার জাল সনদ ও নম্বরপত্র জমা দেন। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সনদগুলো যাচাই করে সেগুলো জাল ও অসংগতিপূর্ণ বলে মতামত দেয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাচাইয়ে হাসনা হেনার বিএ (অনার্স) পাসের সাময়িক সনদ, সাকিব ইসলামের বি.কম (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র এবং জাহিদ হাসান ও জাহাঙ্গীর আলমের বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাল বলে উঠে আসে। অন্যদিকে, সুমন হোসেনের এসএসসি সনদ সঠিক নয় বলে মতামত দেয় যশোর শিক্ষা বোর্ড।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত পাঁচজন বিভিন্ন পদে চাকরিতে যোগ দিয়ে পরবর্তী সময়ে পদোন্নতি পান। হাসনা হেনা ও সাকিব ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে সেকশন অফিসার (গ্রেড-২) হন। জাহিদ হাসান ডেমোনস্ট্রেটর পদ থেকে টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি পান। জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর থেকে সেকশন অফিসার (গ্রেড-১) হন। আর সুমন হোসেন এমএলএসএস পদে যোগ দিয়ে পরে অফিস সহকারী (আপগ্রেডেড) পদে পদোন্নতি পান।

এ ঘটনায় ২০২৩ সালের ৪ ডিসেম্বর তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযুক্তরা সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় বিষয়টি দুদকের তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হয়। পরে থানা-পুলিশ জিডিটি তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায়। এরপর উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী বাদী হয়ে মামলাটি করেন।

দুদকের তদন্তে বলা হয়েছে, জাল সনদ তৈরি ও ব্যবহার করে চাকরি নেওয়ার মাধ্যমে অভিযুক্ত পাঁচ কর্মকর্তা-কর্মচারী সরকারি অর্থ বেতন-ভাতা হিসেবে উত্তোলন করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় যবিপ্রবি কর্তৃপক্ষ ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে ইতিমধ্যে বরখাস্ত করেছে।

তদন্ত শেষে ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে জিডি করা তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ও সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফসহ মোট সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত