Ajker Patrika

যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ

যশোর প্রতিনিধি
যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যান লক্ষ্য করে বৃহস্পতিবার সকালে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যান লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালক রাজিব (৪৫) দগ্ধ হয়েছেন। এ ছাড়া ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন চালকের সহকারী হৃদয় (৪০)। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চালক রাজিব যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। চালকের সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে।

পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, ঢাকা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশের একটি কলাবাগান থেকে ৪-৫ জন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা গাড়ির বডিতে আঘাত করে এবং অন্যটি পাশের খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে চালকের পাশে বিস্ফোরিত হয়।

এতে মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন ধরে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ড ভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে। খবর পেয়ে চাঁনপাড়া ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক মাশহারুল হক ইমন জানান, আগুনে চালক রাজিবের মুখ, পিঠ ও হাতের চামড়া পুড়ে গেছে। তাঁর শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। অন্যদিকে, গাড়ির ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের হাত ও মুখ কেটে গেছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। যারা অগ্নিসন্ত্রাসে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পুলিশ এসব নাশকতাকারীকে আটকের জন্য অভিযান চালাচ্ছে। গতকাল রাতেও ১৭ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রতিনিয়ত পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:

যশোর
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত