Ajker Patrika

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরেরা সক্রিয় হয়েছে: রিজভী

যশোর প্রতিনিধি
ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরেরা সক্রিয় হয়েছে: রিজভী
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা

দেশে ও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই শক্তির তৎপরতার কারণে দেশে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। এমনকি গত তিন দিনে বিএনপির তিন নেতাকে হত্যার ঘটনাও ঘটেছে।

আজ শুক্রবার বিকেলে যশোর বিডি হলে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন রিজভী।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রবিরোধী ওই ব্যক্তি ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে গিয়ে সেখান থেকে অগ্নিসন্ত্রাসে মদদ দিচ্ছেন। তাঁদের অবৈধ অর্থের অভাব নেই। পাচার করা অর্থের পাশাপাশি দেশেও তাঁদের বিপুল অর্থ রয়েছে। সেই অর্থ দিয়ে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরেরা সন্ত্রাসী ও টোকাইদের ব্যবহার করে বাড়িঘরে আগুন দিচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, শুধু বিএনপির নেতা-কর্মীদের বাড়ি নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অন্য দলের নেতাদের বাড়িতেও আগুন দেওয়া হচ্ছে। এসব ঘটনার পেছনে প্রতিবেশী দেশ থেকে মদদ আসছে বলে তিনি অভিযোগ করেন। শেখ হাসিনা তাঁর দলের নেতা-কর্মীদের লাশ চান বলেও মন্তব্য করেন তিনি।

প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসরদের সক্রিয়তার অভিযোগ তুলে রিজভী বলেন, পুলিশ প্রশাসনেও গণতন্ত্রবিরোধী শক্তি ঘাপটি মেরে রয়েছে। তাদের সক্রিয়তার কারণেই গত তিন দিনে বিএনপির তিন নেতাকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

স্মরণসভায় প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন ও অবদানের কথা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, তরিকুল ইসলাম আজীবন মা, মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ। যশোরের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু লড়াই করেছেন।

যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রসুল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত তরিকুল ইসলামের স্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং তাঁর ছেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত