Ajker Patrika

যশোরে এতিমখানায় ঢুকে পড়ল বাস, পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

­যশোর প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০৩
যশোরে এতিমখানায় ঢুকে পড়ল বাস, পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
কেশবপুরে নারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢোকে পড়ে বাস। ছবি: আজকের পত্রিকা

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার যশোর-সাতক্ষীরা মহাসড়কের কেশবপুর উপজেলা ও যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী ও লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী আসিরন বিবি এবং কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম।

পুলিশ জানিয়েছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে অভয়নগর উপজেলার উড়োতলা এলাকায় গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক আমজেদ গাজী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা তাঁর আত্মীয় আসিরন বিবি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আমজেদের স্বজন ফরহাদ মোল্যা জানান, আমজেদ গাজী তাঁর ফুফু আসিরন বিবিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বসুন্দিয়ায় আসিরনের মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে মজুমদার অয়েল মিলের সামনে গড়াই পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজনীন নিগার জানান, সংঘর্ষের ঘটনায় দুজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই আমজেদ গাজী মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আসিরন বিবির মৃত্যু হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।

অপর দিকে সকাল ৭টার দিকে কেশবপুরে বাসের চাপায় রোকেয়া বেগম নামের এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের সামনের অংশে ঢুকে পড়ে।

নিহত রোকেয়ার পরিবারের সদস্যরা জানান, সকালে হাঁটতে বের হয়েছিলেন রোকেয়া। এ সময় যশোরগামী স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে যাত্রীবিহীন বাসটি যশোরের দিকে যাচ্ছিল। মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে পৌঁছালে সড়কের বাঁ পাশে থাকা রোকেয়া বেগমকে বাসটি চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ডান পাশে থাকা এতিমখানা ভবনের সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনায় বাসচালকের সহকারী মানিক ফকির আহত হন। তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক গোলাম মোস্তফা বলেন, ‘বাসটি মাদ্রাসা ও এতিমখানার সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে যায়। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার সময় মাদ্রাসায় ১০-১২ জন শিক্ষার্থী ছিল। তবে তাদের কারও কোনো ক্ষতি হয়নি।’

কেশবপুর থানার ওসি রেকসোনা খাতুন বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি থানা হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত