
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির সিলেট সফরে এলে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে তাঁর সংবাদ সংগ্রহকালে গণমাধ্যমকর্মীদের হেনস্তা ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিএনপির পরবর্তী সব কর্মসূচির সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন টেলিভিশন সাংবাদিকেরা।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন হুমায়ুন কবির।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মাজার প্রাঙ্গণেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার কথা ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। মুসল্লিদের চলাচলের সুবিধার্থে সাংবাদিকেরা মাজারের মূল ফটকের সামনে অবস্থান নেন। সেখানে নেতা কর্মীদের ভিড় ও চাপের কারণে সংবাদ সংগ্রহের পরিবেশ বিঘ্নিত হলে সাংবাদিকেরা মাজারের বাইরে চলে যান। এ সময় ‘জিয়ার সৈনিক, এক হও’ স্লোগান দিয়ে একদল লোক তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
এ বিষয়ে স্টার নিউজের সিলেট ব্যুরো চিফ ইয়াহ্ইয়া মারুফ বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত শেষে ব্রিফিং করার কথা ছিল। সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকেরা সেখানে উপস্থিত হন। তবে জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী বের হওয়ার সময় নেতা কর্মীদের ভিড় ও ধাক্কাধাক্কির কারণে মাজার প্রাঙ্গণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে সাংবাদিকেরা মাজারের বাইরে চলে এলে বিএনপির কয়েকজন নেতা কর্মী তাঁদের ওপর চড়াও হন এবং টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাৎক্ষণিক সাংবাদিকেরা এ ঘটনার প্রতিবাদ জানান। সংবাদ সংগ্রহের পরিবেশ না থাকায় তাঁরা স্থান ত্যাগ করেন।’
এ ঘটনা নিয়ে চ্যানেল ওয়ানের সাংবাদিক এম এ কাইয়ুম ফেসবুকে লিখেন, ‘আপনাদের গায়ে শক্তি আছে বলে এটা করলেন! স্লোগান দিলেন, সাংবাদিকদের গায়ে হাত দিলেন। তাও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাহেবের সামনে। আমাদের বয়কট করা ছাড়া আর কী করার আছে। শুভকামনা আপনাদের প্রতি।’
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীর দশমিনা উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় দুজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার দশমিনা ইউনিয়নের আরোজবেগী বাজারে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
২০ মিনিট আগে
আজ শুক্রবার সকালে গোবিন্দগুনিয়া এলাকায় ওই খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনেরা মরদেহটি হাসনা খাতুনের বলে শনাক্ত করেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর রহমান হত্যাকাণ্ডে মামলার এক মাস পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি কোনো আসামি। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নিহতের পরিবার এবং এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
১ ঘণ্টা আগে