যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। এ নিয়ে জেলায় করোনায় ৩৬৮ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও ১৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৮৪টি নমুনাতে ১০৮ টি, জিন এক্সপার্টের ৯ টিতে ৫টি এবং অ্যান্টিজেনের ১৭০টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা পজিটিভ এসেছে।
এর মধ্যে যশোর সদরের ৯০ জন, অভয়নগরে ১৭ জন, শার্শায় ১৪ জন, ঝিকরগাছায় ১১ জন, চৌগাছায় ১০ জন, মনিরামপুরে ৫ জন ও বাঘারপাড়ায় ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ১৯ হাজার ২৯৪ জনের করোনা শনাক্ত হলো। যাদের মধ্যে ১৫ হাজার ৫৩২ জন সুস্থ হয়েছেন।










