Ajker Patrika

কমছে করোনার নমুনা সংগ্রহ, বাড়ছে ঝুঁকি

প্রতিনিধি, যশোর 
কমছে করোনার নমুনা সংগ্রহ, বাড়ছে ঝুঁকি

যশোর সদর হাসপাতালে প্রায় এক মাস ধরেই নমুনা সংগ্রহে বাধ্যবাধকতা আনা হয়েছে। বাড়ানো হয়নি রেজিস্ট্রেশন কিংবা সংগ্রহের সময়সীমাও। এতে ক্রমেই কমছে নমুনা সংগ্রহের সংখ্যা। বিশেষজ্ঞরা এটিকে সংক্রমণের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ মনে করছেন। তবে নানা সীমাবদ্ধতার কারণে এখনই সমস্যার সমাধান করা যাচ্ছে না, বলছে কর্তৃপক্ষ।

হাসপাতালের তথ্যমতে, জুলাই মাসে মোট ৪ হাজার ৬৮৬টি করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। সে হিসেবে গড়ে দিনে সংগ্রহ হয়েছে ১৫৬.২ টি নমুনা। ওই মাসের ৪,১৮ এবং ২৫ তারিখে কোন নমুনাই সংগ্রহ করা হয়নি। আর সর্বোচ্চ ২৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ জুলাই। তবে এ নমুনাগুলো বহির্বিভাগ ও অন্তবিভাগ মিলিয়ে নেওয়া হয়েছে। যেখানে ভর্তি রোগীদের পুনঃপরীক্ষার সংখ্যাও যুক্ত রয়েছে।

সূত্রটি আরও জানায়, জুলাই মাসে বহির্বিভাগ থেকে সংগ্রহ হয়েছে ৩ হাজার ৪৬টি নমুনা। যারমধ্যে র‍্যাপিড অ্যান্টিজেনের পাশাপাশি পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। এ বিভাগে গড়ে দিনে সংগ্রহ হয়েছে ১০১.০৫ টি নমুনা।

এদিকে জেলার পরিসংখ্যান নমুনা সংগ্রহ কমে যাওয়ার তথ্য দিচ্ছে। জুন ও জুলাই মাসের শুরুতে জেলাব্যাপী গড়ে ৮০০-৯০০ নমুনা পরীক্ষা হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে ঈদের পর থেকেই এ সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। যারমধ্যে গত ২৩ জুলাই জেলায় সর্বনিম্ন ১০০টি নমুনা নেওয়া হয়।

বহির্বিভাগে নমুনা সংগ্রহকারী আল-আমিন জানান, শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলে নমুনার জন্য রেজিস্ট্রেশন। আর ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে সংগ্রহের কাজ। জুলাই মাসের শুরু থেকেই আমরা এ নির্দেশনা পাই। একই সঙ্গে প্রতিদিন গড়ে ১০০ নমুনা সংগ্রহের নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। সে হিসেবেই আমরা কাজ করছি।

নমুনা সংগ্রহ কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজনিন নাহার নিলা বলেন, অতিরিক্ত নমুনা নিলে সেটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ইতিপূর্বে এ ধরনের ঘটনাও ঘটেছে। ফলে বহির্বিভাগ থেকে আপাতত গড়ে ১০০টি নমুনা সংগ্রহ করা হচ্ছে। কেননা, অন্তবিভাগ থেকেও আরও নমুনা সংগ্রহ করতে হয়।

এ মুহূর্তে নমুনা সংগ্রহের সীমাবদ্ধতাকে উচ্চ ঝুঁকি বলছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ। তিনি বলেন, বর্তমানে দেশে করোনার ডেলটা ধরনটি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। সীমান্তবর্তী হওয়ায় যশোর আরও বেশি ঝুঁকিতে। এ অবস্থায় কেউ নমুনা দিতে চাইলে তাঁকে যেমন ফেরত দেওয়া যাবে না, তেমনি বিশেষ ব্যবস্থাও রাখতে হবে। জুন ও জুলাই মাসে আমরা যশোরে করোনার চরম ঊর্ধ্বগতি দেখেছি। সেখানে প্রকৃত অবস্থা জানতে নমুনার পরীক্ষা বাড়ানোর কোন বিকল্প নেই। অন্যথায় যশোরে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পেতে পারে বলে মন্তব্য করেন তিনি। 
 
যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, নমুনা সংগ্রহ ও রেজিস্ট্রেশনের সময় বাড়ানোর ক্ষেত্রে চলতি সপ্তাহেই পদক্ষেপ নেওয়া হবে। সে ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যাবে। 
 
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহিন জানান, নমুনা পরীক্ষা সহজ ও দ্রুততর করতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই একটি পিসিআর মেশিন স্থাপন করা হয়েছে। তবে এটি চালুর জন্য আনুষঙ্গিক যন্ত্রাংশের ব্যাপারে অধিদপ্তরে চাহিদা দেওয়া হয়েছে। তা ছাড়াও সেগুলো আমরা স্থানীয়ভাবে সংগ্রহের চেষ্টা চালাচ্ছি। ল্যাবটি চালু হয়ে গেলে যশোরে করোনার নমুনা পরীক্ষার ক্ষেত্রে আর কোন প্রতিবন্ধকতা থাকবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত