যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। মৃতদের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩৫৪ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় যার গড় ২১ দশমিক ৫১ শতাংশ।
যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, সোমবার ৭০২টি নমুনার ফল পাওয়া গেছে। এরই মধ্যে যবিপ্রবি এর ৪২৯টি নমুনার মধ্যে শনাক্ত হন ৮৩ জন, খুমেক এর ৭টি নমুনায় ১, জিন এক্সপার্টের ৭টি নমুনার ৬ এবং অ্যান্টিজেনের ২৭৯টি নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে সদরে ৯২, অভয়নগরে ২৬, ঝিকরগাছায় ১৪, শার্শায় ১০, চৌগাছায় সাত, মনিরামপুরে পাঁচ ও কেশবপুরে একজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা মোট শনাক্ত হলেন ১৮ হাজার ৯৭৮ জন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, করোনায় মৃতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। যাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। তাঁরা সবাই যশোরের বাসিন্দা।










