Ajker Patrika

যশোরে ককটেলসদৃশ ৮টি বোমা উদ্ধার, পূজায় নাশকতার পরিকল্পনার ধারণা এসআরবির

যশোর প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ২০: ২৯
যশোরে ককটেলসদৃশ ৮টি বোমা উদ্ধার, পূজায় নাশকতার পরিকল্পনার ধারণা এসআরবির
ককটেলসদৃশ বোমা উদ্ধার করে নিয়ে যাচ্ছেন এসআরবির সদস্যরা। ছবি: সংগৃহীত

যশোর শহরে অভিযান চালিয়ে ককটেলসদৃশ আটটি বোমা উদ্ধার করেছে এসআরবি। তাদের ধারণা, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্বৃত্তরা কোথাও নাশকতার পরিকল্পনা করছিল। তবে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

আজ শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে শহরের শংকরপুর বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে শংকরপুর বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন বাহিনীর সদস্যরা। এ সময় তাঁদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুর্বৃত্ত দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি প্যাকেটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করা হয়।

উদ্ধার করা বোমাগুলো জব্দ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক আজকের পত্রিকাকে বলেন, শংকরপুর এলাকায় দুর্বৃত্তরা ককটেল নিয়ে নাশকতার পরিকল্পনা করছে—এমন খবর পেয়ে এসআরবি-৬ সদস্যরা অভিযান পরিচালনা করেন। তাঁদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দেয়াল টপকিয়ে পালিয়ে যায়।

লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক আরও বলেন, ‘ধারণা করছি, দুর্বৃত্তরা দুর্গাপূজা উপলক্ষে কোথাও নাশকতা করার পরিকল্পনা করছিল। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির বিশেষ টহল, চেকপোস্ট ও নজরদারি অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত