Ajker Patrika

ইসলামপুরে নির্ধারিত দিনে ভিজিএফ চাল বিতরণ হয়নি, দুস্থদের মধ্যে ক্ষোভ

এম কে দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১২: ০৪
ইসলামপুরে নির্ধারিত দিনে ভিজিএফ চাল বিতরণ হয়নি, দুস্থদের মধ্যে ক্ষোভ
ফাইল ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলায় নির্ধারিত দিনে সরকারের খাদ্যসহায়তা কর্মসূচির (ভিজিএফ) বিনা মূল্যের চাল পাননি দুস্থ ব্যক্তিরা। উপজেলা প্রশাসনের দাবি, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের গাফিলতির কারণে নির্ধারিত দিনে চাল বিতরণ করা সম্ভব হয়নি। তবে চেয়ারম্যানদের অভিযোগ, ভিজিএফ কার্ড বণ্টনে স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপের কারণে সুবিধাভোগীদের তালিকা করতে দেরি হওয়ায় চাল বিতরণ বিলম্বিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন স্বাক্ষরিত এক চিঠি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) ছিল দুস্থ ব্যক্তিদের মধ্যে ভিজিএফ চাল বিতরণের নির্ধারিত দিন। কিন্তু ওই দিন চাল বিতরণ করা হয়নি। এতে দুস্থ ব্যক্তিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঈদুল ফিতরের আগে সরকারি এই সহায়তা পাবেন কি না, এ নিয়েও শঙ্কায় রয়েছেন অনেকে।

উপজেলা ত্রাণ শাখা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইসলামপুর উপজেলায় ৪৬ হাজার ৭৩টি দরিদ্র পরিবারের জন্য বিনা মূল্যে ৪৬০ টন ৭৩০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা।

এই বরাদ্দের মধ্যে কুলকান্দী ইউনিয়নে ১ হাজার ৯০০, বেলগাছায় ৩ হাজার ৪৭০, চিনাডুলীতে ৪ হাজার ৩২৪, সাপধরীতে ১ হাজার ৯৪৩, নোয়ারপাড়ায় ৪ হাজার ৫৪৫, ইসলামপুর সদরে ৩ হাজার ৭৩, পাথর্শীতে ৫ হাজার ২০, পলবান্ধায় ২ হাজার ২৮৬, গোয়ালেরচরে ৫ হাজার ২৩১, গাইবান্ধায় ৫ হাজার ৬২৭, চরপুটিমারীতে ৫ হাজার ২৪০ এবং চরগোয়ালিনী ইউনিয়নে ৩ হাজার ৪০৯ জন উপকারভোগী রয়েছেন। এ ছাড়া ইসলামপুর পৌরসভার আওতায় ৪ হাজার ৬২৫টি দরিদ্র পরিবারের জন্য ৪৬ টন ২৫০ কেজি চাল বরাদ্দ রয়েছে।

নির্ধারিত দিনে চাল বিতরণ না হওয়ার বিষয়ে কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, বিএনপি নেতাদের সমন্বয়ে ভিজিএফ কার্ডের তালিকা করতে দেরি হওয়ায় নির্ধারিত দিনে চাল বিতরণ করা সম্ভব হয়নি।

পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, বিএনপি নেতারা শতকরা ৬০ শতাংশ ভিজিএফ কার্ড বণ্টনের দাবি করেছেন। এ নিয়ে ইউপি সদস্যদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হওয়ায় এখনো সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করা যায়নি।

ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন চৌধুরী বলেন, বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয়ে সময় লাগায় চাল বিতরণ বিলম্বিত হয়েছে।

ইসলামপুর পৌর এলাকার দুস্থদের জন্য ভিজিএফ চাল উত্তোলনের দায়িত্বে থাকা পৌরসভার সহকারী কর আদায়কারী মোস্তাফিজুর রহমান নজরুল বলেন, ‘সুবিধাভোগীদের নামের তালিকা করেছেন এখানকার বিএনপি নেতারা। এতে বিলম্ব হওয়ায় যথাসময়ে দুস্থ ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করা সম্ভব হয়নি।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ‘আমাদের নেতা-কর্মী এবং ইউপির চেয়ারম্যান-মেম্বারদের সমন্বয়ে দুস্থদের তালিকা করতে হয়তো দেরি হয়েছে। আশা রাখি, ঈদের আগেই চাল পাবেন।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোছা. নূর-এ শেফা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চাল বিতরণের জন্য ৮ মার্চ ইউপি চেয়ারম্যানদের কাছে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তারা প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় নির্ধারিত দিনে চাল বিতরণ সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, সরকারি বরাদ্দের চাল দরিদ্রদের মধ্যে যথাযথভাবে বিতরণে প্রশাসন বদ্ধপরিকর। দ্রুত চাল বিতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, প্রথমে এই উপজেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় ১৩ হাজার ৮৩৪টি কার্ডের বিপরীতে ১৩৮ টন ৩৪০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছিল, যা আগের বছরের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কম। বিষয়টি প্রকাশ হওয়ার পর স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর উদ্যোগে বরাদ্দ বাড়িয়ে ৪৬ হাজার ৭৩টি পরিবারের জন্য চাল অনুমোদন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত