টুঙ্গিপাড়ার পাঁচ ইউনিয়নে আ.লীগের মশালমিছিল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মশালমিছিল হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন স্থান থেকে বের হওয়া মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।
উপজেলার শেখ রাসেল শিশু পার্ক থেকে বৃহত্তর পাটগাতী গ্রামের ব্যানারে একটি মশাল মিছিল বের হয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
একই সময়ে পাটগাতী, ডুমুরিয়া, বর্ণী, গোপালপুর ও কুশলী ইউনিয়নে মশালমিছিল বের করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মিছিলগুলোতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
পরে পাটগাতী বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নে সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা মশালমিছিল কর্মসূচি সফল করেছেন।

বক্তারা জানান, আগামীকাল শনিবারও মশাল মিছিল কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নে নেতা-কর্মীরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন বলেও জানান তাঁরা।
সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন অংশগ্রহণকারীরা।









