Ajker Patrika

তিন বছরেও শেষ হয়নি জয়নগর-বলুগ্রাম সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

সলিল বিশ্বাস মিঠু, গোপালগঞ্জ
তিন বছরেও শেষ হয়নি জয়নগর-বলুগ্রাম সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

সড়কের বিভিন্ন স্থানে খোয়া উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তার পাশের মাটি সরে গিয়ে ধসে পড়ার উপক্রম হয়েছে। শুকনো মৌসুমে ধুলার কারণে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের একরকম দুর্ভোগ, আর বৃষ্টির সময় পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে আরেক রকম দুর্ভোগ। তিনটি বছর ধরে এই পরিস্থিতি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুরের জয়নগর বাজার থেকে বলুগ্রাম পর্যন্ত সড়কের।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ ‘জয়নগর-মহেশপুর-বলুগ্রাম-কালিনগর’ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান জাকাউল্লা অ্যান্ড ব্রাদার্স নির্ধারিত সময়ে মাত্র দেড় কিলোমিটার সড়ক পাকাকরণের পর বাকি অংশ ফেলে রাখে। এদিকে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হওয়ায় প্রতিদিন এই সড়কে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার হাজারো মানুষকে। সড়কের অধিকাংশ অংশে খোয়া ফেলে ম্যাকাডাম করে রেখে দেওয়ায় ধুলাবালি, ভাঙাচোরা রাস্তা ও ঝুঁকিপূর্ণ চলাচল এখন তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে যেন।

দস্তন গ্রামের বাসিন্দা মো. সুজন খান জানান, তিন বছর ধরে একই অবস্থায় পড়ে আছে সড়কটি। রোগী নিয়ে উপজেলা সদরে যেতে চরম কষ্ট হয়। বিশেষ করে অন্তঃসত্ত্বা ও বৃদ্ধদের যাতায়াতে ঝুঁকি আরও বেশি। তিনি বলেন, ‘অটো বা ভ্যানে চলাচল করতে গেলে অতিরিক্ত ঝাঁকুনির কারণে অনেক কষ্টা হয়। রাস্তার ধুলাবালির কারণে আমরা নিজেরাও শ্বাসকষ্টে ভুগছি। বাড়ির সামনে দিয়ে গাড়ি গেলে খাবারের মধ্যেও ধুলা পড়ে যায়।’

তিন বছর ধরে পাকা হচ্ছে না সড়ক, দুর্ভোগও তাই পিছু ছাড়ছে না এলাকাবাসীর। ছবি: আজকের পত্রিকা
তিন বছর ধরে পাকা হচ্ছে না সড়ক, দুর্ভোগও তাই পিছু ছাড়ছে না এলাকাবাসীর। ছবি: আজকের পত্রিকা

রুপপাতি ইউনিয়নের সদস্য মো. সানোয়ার মোল্লা বলেন, ‘দুই বছরের বেশি সময় ধরে মানুষ এই সড়ক নিয়ে দুর্ভোগে আছে। জয়নগর বাজার ও বোয়ালমারীর রুপপাত বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বাজার। প্রতিদিন কয়েক হাজার মানুষ এ পথে চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন।’

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) যথাযথ তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো কাজ ফেলে রেখেছে। এ ছাড়া নির্মাণকাজেও নানা অনিয়ম রয়েছে।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা এলজিইডির প্রকৌশলী সজল কুমার দত্ত বলেন, ‘চুক্তি অনুযায়ী কাজের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করেছে। কোথাও অনিয়ম পাওয়া গেলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।’

তবে স্থানীয়দের দাবি, কাজ শুরুর কথা বলা হলেও সরেজমিন সড়কে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো শ্রমিক বা কাজের কার্যক্রম দেখা যায়নি। দ্রুত সড়কের নির্মাণকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিবিএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

তেল রাখার জায়গা ফুরিয়ে আসছে ইরানের, বন্ধ হতে পারে উৎপাদন

১৪টি উড়োজাহাজ কিনতে আগামীকাল বোয়িংয়ের সঙ্গে চুক্তি বিমানের

রাষ্ট্রপতির চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, কিন্তু ব্যক্তি সাহাবুদ্দিনকে পারলাম না: সরকারদলীয় হুইপ

‘ভালোমানুষির দিন শেষ’—ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ঘিরে উত্তেজনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত