Ajker Patrika

কলেজছাত্র জুবায়ের হত্যা: বিচারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি
কলেজছাত্র জুবায়ের হত্যা: বিচারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ
আজ বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে নিহত জুবায়েরের পরিবারের সদস্য ও এলাকাবাসী মানববন্ধন করেন। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে কলেজছাত্র জুবায়ের ভূঁইয়াকে (২২) পিটিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে নিহত জুবায়েরের পরিবারের সদস্য ও এলাকাবাসী মানববন্ধন করেন। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে নিহত জুবায়েরের মা মাফুজা বেগম, খালাতো বোন মরিয়ম বেগম, চাচা নবির হোসেন ভূঁইয়া এবং গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সালাউদ্দিনসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়িয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

জুবায়ের একই ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় গত শুক্রবার নিহতের বাবা রমজান ভূঁইয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার পর গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে নড়াইলের লোহাগড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি স্বপন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ ও এসআরবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত