Ajker Patrika

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, বিজিবি সদস্য আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, বিজিবি সদস্য আহত
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় ফ্লাইওভারের ওপর পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ ছাড়া শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন ঘিরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর ১টার দিকে নাওজোর ফ্লাইওভারের ওপর পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়।

চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তা হিরন মিয়া জানান, নাওজোর এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছেন। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও শ্রমিকদের বাধার মুখে যেতে পারেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে কোনাবাড়ী, মৌচাক, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, ভোগড়া, নাওজোর ও সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। দুপুরে নাওজোর ফ্লাইওভারের ওপর পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়।

এদিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও বিজিবি। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আন্দোলনের কারণে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ ছাড়া কয়েকটি দোকানপাটে ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।

হামলায় আহত বিজিবি সদস্য। ছবি: আজকের পত্রিকা
হামলায় আহত বিজিবি সদস্য। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। ভোগড়া এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। অন্য এলাকাগুলোতেও পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি কাজ করছে। তিনি বলেন, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে থাকলে শ্রমিকেরা সরে যান। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে চলে গেলে আবারও তাঁরা আন্দোলন শুরু করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত