
গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি জরাজীর্ণ তালাবদ্ধ ঘরে অগ্নিদগ্ধ হয়ে দেলোয়ার হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, ঘরে পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাঁটিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম।
নিহত দেলোয়ার হোসেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. বুধু মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাঁটিয়াবাড়ী গ্রামের খাসপাড়া এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন।
দেলোয়ারের বাবা বুধু মিয়া বলেন, ‘ওই ঘরে ছেলে কীভাবে গেল বলতে পারব না। আমার ছেলের শরীর আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে দাবি, যারা আমার ছেলেকে পুড়িয়ে মেরেছে, তাদের বিচার হোক।’
বুধু মিয়া জানান, প্রথমে ছেলেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
জমির মালিক হুরমত আলী শেখ বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাতো ভাই ফাইজুদ্দিনদের সঙ্গে বিরোধ চলছে। জমিতে একটি টিনশেড ঘর নির্মাণ করে পাহারা দেওয়া হয়। ঘরটি দিনের বেলায় তালাবদ্ধ থাকে। তিনি প্রতিদিন রাত ১০টার দিকে ঘরে এসে ঘুমান।
হুরমত আলী শেখ বলেন, ‘গতকাল শনিবার রাতে রাজেন্দ্রপুর বাজারে দুধ বিক্রি করছিলাম। হঠাৎ একজন ফোন করে জানায়, আমার ঘরে আগুন লেগেছে। দৌড়ে ঘরের পাশে গিয়ে দেখি, দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘরের ভেতর একজনের চিৎকার শুনে শত শত মানুষ জড়ো হয়ে তাকে উদ্ধার করে। এ সময় সে মারাত্মক অগ্নিদগ্ধ হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।’
হুরমত আলী শেখ আরও বলেন, ‘ঘরটি সব সময় তালাবদ্ধ থাকে। শুধু রাতের বেলায় ঘরের তালা খুলে প্রবেশ করা হয়। এই ছেলেকে আমি চিনি না। সে কেন এখানে এসেছে, কীভাবে আগুন লেগেছে, কিছুই বলতে পারব না। ঘরে পেট্রল ও কেরোসিনের গন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের নির্দেশনায় মরদেহের ময়নাতদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘কীভাবে আগুন দেওয়া হয়েছে এবং পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে।’

ময়মনসিংহে সম্পত্তি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার পর ভরণপোষণ না দেওয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধা রহিমা খাতুন (৮০)।
১১ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়ায় নিজের গাছের ডালপালা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আবুল হাশেম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের শাহ মো. আরদি (আরদি শাহ) নামে এক আইটি ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। গতকাল শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। শাহ মো. আরদির চাচা ও চুনারুঘাট...
২০ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দের দাবি করেছে ৩৪ বিজিবি। বিজিবির ভাষ্য, থার্মাল ইমেজারে চোরাকারবারীদের চলাচল শনাক্তের পর তুমব্রু খালের পানিতে থাকা তিনটি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে