Ajker Patrika

দুই দিনেও সন্ধান মেলেনি পিচ্চি রাজার, কোনাবাড়ী থানায় মামলা

শ্রীপুরে (গাজীপুর) প্রতিনিধি
দুই দিনেও সন্ধান মেলেনি পিচ্চি রাজার, কোনাবাড়ী থানায় মামলা
পিচ্চি রাজা। ছবি: সংগৃহীত

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী থানায় দায়ের করা মামলায় একমাত্র আসামি পিচ্চি রাজা। দুই দিনেও তাঁর সন্ধান মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য জানান।

ওসি ইফতেখার বলেন, ঢাকার আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার পথে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কোনাবাড়ী থানার উপপরিদর্শক বিশ্বজিৎ মজুমদার বাদী হয়ে ২৮ তারিখ দিবাগত রাতে মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি পিচ্চি রাজা। তাঁকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কারাগার সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য রোববার সকালে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। হাজিরা শেষে তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রাকৃতিক কাজ সারার জন্য শৌচাগারে যাওয়ার কথা বলেন। দায়িত্বে থাকা পুলিশ সদস্য তাঁকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ পেয়ে তিনি কৌশলে পালিয়ে যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ঢাকার আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে কারাগারে ফিরিয়ে আনা হচ্ছিল। নাওজোড় এলাকায় প্রাকৃতিক কাজ সারার কথা বলে তিনি শৌচাগারে যান এবং সেখান থেকেই পালিয়ে যান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। পিচ্চি রাজা, তাঁর স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবরে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাঁদের হেফাজতে নেওয়া হয়।

মোহাম্মদপুর থানার সূত্রটি আরও জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত