
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামের কসাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বিন্দুবাড়ি গ্রামের সুফিয়া খাতুন (৪০), মো. কামাল উদ্দিন (৫০), মো. ইন্তাজউদ্দিন (৪৫), মো. রেজাউল করিম (৩০), মো. রফিক মিয়া (৪৫), মো. রায়হান (২৮), মোছা. জরিনা (৪০), মো. মোতালেব (৫৫), মার্জিয়া (৪৫), ফরিদা বেগম (৬০), আকলিমা খাতুন (৩৮), আলমগীর হোসাইন (৪৫), মো. নাজিমউদ্দীন (৬৫), মো. ইসরাক (১৭), ইউসুফ (১৯), রোজিনা বেগম (২২), মারিয়া আক্তার (৩২), নিপা আক্তার (২৬), মিনহাজ (২০) ও হিমি আক্তার (২৬)।
আহত রেজাউল করিম জানান, দীর্ঘ বছর যাবৎ প্রতিপক্ষ আলমগীর হোসাইনের বাড়ির সামনের রাস্তা দিয়ে তাঁরা চলাচল করেন। রাস্তার জায়গাটি সরকারি বন বিভাগের জমি। হঠাৎ করে প্রতিপক্ষ আলমগীর হোসাইন ও তাঁর লোকজন চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাঁরা বিষয়টি জানতে চাইলে তাঁর বৃদ্ধ বাবা কামাল উদ্দিনের ওপর হামলা করে মারধর শুরু করে। বাবার ডাকচিৎকারে স্বজনরা এগিয়ে গেলে ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে কমপক্ষে ১০ জনকে গুরুতর আহত করে। তাঁদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারীসহ কয়েকজনের অবস্থা গুরুতর।
আহত আলমগীর হোসাইন বলেন, ‘রাস্তা বন্ধ করার বিষয়টি সঠিক নয়। রাস্তাটিতে সরকারি জমি থাকায় বন বিভাগ সে জমিতে চারা রোপণ করে দিয়েছে। আমাদের নিজস্ব জমি দিয়ে জোরপূর্বক রাস্তা নিতে চায়, এজন্য আমরা বাধা দিলে তাঁরা হামলা চালিয়ে আমাদের মারধর করে কমপক্ষে ৮ জনকে আহত করে।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইতি আক্তার বলেন, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২০ জন। তাঁদের মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর সদর বিট কর্মকর্তা মো. আকতার হোসেন বলেন, বন বিভাগের সদস্যরা সেখানে চারা রোপণ করতে যান। ঠিক সেই সময়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ হয়। এরপর বন বিভাগের সদস্যরা সেখান থেকে ফিরে আসেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ভোলার মনপুরায় মো. শরিফ নামে এক ইউপি সদস্যকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বদলে যাচ্ছে চিত্র। একসময় যেসব শিশু ক্ষুধা আর দারিদ্র্যের কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাইত না, পুষ্টিকর টিফিন পেয়ে এখন তারাই ছুটছে স্কুলে। বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার প্রবণতা। পাশাপাশি দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকার শক্তি
৩৬ মিনিট আগে
জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
১ ঘণ্টা আগে