
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্টস লিমিটেড নামে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা কারখানা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে গতকাল সন্ধ্যায় কারখানার মূল ফটকে এই বন্ধের নোটিশ সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কারখানাটিতে ১ হাজার ২০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকেরা আজ সকালে কাজে যোগ দিতে এসে কারখানার গেট বন্ধ দেখতে পান। গেটে কারখানা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন শ্রমিকেরা। বিক্ষুব্ধ শ্রমিকেরা কোনাবাড়ীর মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা রোডটি বন্ধ করে দেন। তাঁরা সড়কে চলাচলকারী যানবাহন অন্যদিকে ফিরিয়ে দেন। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। খবর পেয়ে মহানগর ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কারখানার ফটকে সাঁটানো নোটিশে স্বাক্ষর করেছেন হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স)। নোটিশে বলা হয়, গতকাল সোমবার কারখানার শ্রমিকেরা কিছু অযৌক্তিক দাবি তুলে ধরে অবৈধভাবে কারখানাতে সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন। এতে কারখানার ভেতরে আইনশৃঙ্খলার অবনতি ঘটে। নোটিশে আরও বলা হয়, কারখানার নির্ধারিত রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে কোম্পানি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কারখানা কর্তৃপক্ষ বারবার শ্রমিকদের কাজে যোগদানের জন্য অনুরোধ করা সত্ত্বেও তাঁরা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। শ্রমিকদের এই আচরণকে অবৈধ ধর্মঘটের শামিল বলে নোটিশে দাবি করে কারখানা কর্তৃপক্ষ। নোটিশে আরও বলা হয়, কারখানা কর্তৃপক্ষ এই কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।
কারখানা চালু করার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে খোলার তারিখ নোটিশের মাধ্যমে অবহিত করা হবে বলে নোটিশে জানায় কর্তৃপক্ষ। কারখানার সিকিউরিটি ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ব্যক্তিরা এই আদেশের আওতামুক্ত থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘শ্রমিক আন্দোলনের জেরে গেল রাতে মালিক পক্ষ আইন অনুযায়ী কারখানা বন্ধের নোটিশ দিয়েছে। সকালে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। শ্রমিকেরা শান্ত আছে। আমরা মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে কারখানা কীভাবে চালু করা যায়, তার চেষ্টা করছি।’

রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন...
৭ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সোহানা নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা ওই গ্রামের প্রবাসী মো. শফিক মিয়ার মেয়ে।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে রেত, হাতুড়ি, রামদা ও বাটাল পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংকরোড এলাকার ৬ নম্বর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে...
১ ঘণ্টা আগে