Ajker Patrika

মারধরে নিহতের গুজব: থানায় গিয়ে নারী পোশাকশ্রমিক বললেন—‘বেঁচে আছি’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
মারধরে নিহতের গুজব: থানায় গিয়ে নারী পোশাকশ্রমিক বললেন—‘বেঁচে আছি’
ছবি: সংগৃহীত

গাজীপুরের ভোগড়া এলাকায় ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের এক গর্ভবতী নারী শ্রমিক নিহত হয়েছেন—এমন গুজব ছড়িয়ে পড়ার পর গতকাল মঙ্গলবার কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিক ও স্থানীয় লোকজন। তবে ওই নারী শ্রমিক দিলরুবা আক্তার মিলি নিজেই গাছা থানায় গিয়ে জানিয়েছেন, তিনি বেঁচে আছেন এবং সুস্থ রয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মধ্যাহ্নবিরতি শেষে কারখানায় ফিরছিলেন দিলরুবা আক্তার। এ সময় কারখানার সামনে কয়েকজন বহিরাগত তাঁকেসহ অন্য শ্রমিকদের প্রবেশে বাধা দেন। বাধা অতিক্রম করে কারখানায় ঢোকার চেষ্টা করলে তাঁদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে সুইং অপারেটর দিলরুবা আক্তার আহত হন। উপস্থিত ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠান। বর্তমানে তিনি সুস্থ আছেন।

পুলিশ জানায়, দুপুরের ঘটনার পর ওই নারী শ্রমিক নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৬টার দিকে এ খবর ছড়িয়ে পড়লে কারখানার সামনে প্রায় ৩০০ শ্রমিক ও স্থানীয় লোকজন জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ গুজবের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়। পরে দিলরুবা নিজেই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় গিয়ে পুলিশের কাছে নিজের সুস্থতার কথা জানান এবং দুপুরের ঘটনার বর্ণনা দেন।

এদিকে দিলরুবা আক্তার এক বক্তব্যে জানান, তিনি ফিন বাংলা অ্যাপারেলসের অপারেটর। গতকাল মঙ্গলবার মধ্যাহ্নবিরতির পর কারখানায় যাওয়ার পথে কয়েকজন বহিরাগত তাঁর ওপর হামলা করেন। তিনি নিজেকে গর্ভবতী বলে জানিয়ে ছেড়ে দিতে অনুরোধ করলেও তাঁরা তাঁকে ছাড়েননি। এ সময় তাঁর কাছ থেকে পরিচয়পত্র নিয়ে যাওয়া হয় বলেও দাবি করেন তিনি।

দিলরুবা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। তবে তিনি বেঁচে আছেন এবং মোটামুটি সুস্থ আছেন। কাউকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা দেওয়া এবং গুজব ছড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত