Ajker Patrika

১৮ বছর ধরে কারাগার থেকে কারাগারে, মুক্তি মেলে না বাদলের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১৮ বছর ধরে কারাগার থেকে কারাগারে, মুক্তি মেলে না বাদলের
বাদল ফরাজী। ছবি সংগৃহীত

ভারতে তাজমহল দেখতে গিয়ে দিল্লির একটি হত্যা মামলায় নামের মিলের কারণে দণ্ডিত হওয়ার অভিযোগে প্রায় ১৮ বছর কারাবন্দি থাকা বাদল ফরাজী প্যারোলে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। চার সপ্তাহের প্যারোলে মুক্তিপ্রাপ্ত বাদলকে বাগেরহাট পুলিশ রাতে মোংলায় তাঁর পরিবারের কাছে পৌঁছে দেয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সকাল সোয়া ৮টার দিকে বাদল ফরাজীকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।’

২০০৮ সালে পর্যটক ভিসায় ভারতে তাজমহল দেখতে গিয়ে গ্রেপ্তার হন অষ্টম শ্রেনি পড়ুয়া বাদল ফরাজী। পরে দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী নির্মলা মাদান হত্যা মামলার আসামি ‘বাদল সিং’ হিসেবে তাঁকে শনাক্ত করে গ্রেপ্তার দেখানো হয়।

বাদল ফরাজীর দাবি ছিল, তিনি সেই ব্যক্তি নন। নামের মিলের কারণে দিল্লির ওই ব্যক্তি হত্যা মামলায় তাঁকে ভুলভাবে দণ্ডিত করা হয়েছে বলে তাঁর অভিযোগ। কিন্তু সে সময় হিন্দি ও ইংরেজি ঠিকমতো বলতে না পারায় তিনি তেমন কিছু করতে পারেননি। পরবর্তীতে তাঁর পাসপোর্টসহ নানা কাগজপত্র জমা দেওয়া হলেও আর কাজ হয়নি।

দিল্লির একটি আদালত ২০১৫ সালের ২১ জুলাই বাদল ফরাজীকে দোষী সাব্যস্ত করেন। পরের মাসে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

বাদল ফরাজী প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দি ছিলেন। কারাগারে থেকেই তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। কারাগারে থাকা অবস্থায় তাঁর বাবা মারা যান। তাঁর বৃদ্ধ মা এখন একেবারেই চলাফেরা করতে পারেন না।

ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই বাদল ফরাজীকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরানোর পর তাঁকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। দেশে ফেরার পরও তাঁর মুক্তির বিষয়ে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট বাদল ফরাজীর প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। আদালত সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণ করে প্যারোল কার্যকরের নির্দেশনা দেন। পরে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা গত ১৬ নভেম্বর বাদল ফরাজীকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসককে অনুরোধ জানায়।

গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে বাদল ফরাজীকে ১২ ঘণ্টার পরিবর্তে চার সপ্তাহের প্যারোলে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বাদলের মুক্তির দাবিতে মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা দীর্ঘদিন ধরে কাজ করেছেন। লেখক রাহিতুল ইসলাম তাঁকে নিয়ে ‘বাদলের কারাবাস’ নামে একটি উপন্যাস লেখেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন থেকে বইটি প্রকাশের ঘোষণা আসে। উপন্যাসটি প্রকাশের পর তাঁর মুক্তির দাবি আরও জোরালো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত