ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষ: কালিয়াকৈরে ১৩ পোশাক কারখানা বন্ধ, ১৬টি ছুটি

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের কালিয়াকৈর ও কোনা বাড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৩টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়াও রোববারের জন্য আরও ১৬টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে অর্থ সংকটে পড়ার শঙ্কায় বিপাকে পড়েছে শ্রমিকেরা।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ-শ্রমিক সূত্রে জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি করার দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনে অস্থির হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। এ শ্রমিক অসন্তোষের কারণে কালিয়াকৈর ও কোনা বাড়িতে অনির্দিষ্টকালের জন্য অন্তত ১৩টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এগুলো হচ্ছে ইন্টারস্টফ এ্যাপারলেস্, ট্রপিক্যাল নিটেক্স, এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, আহসান কম্পোজিট, রতনপুর এলাকার করণী, মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড ও কোনাবাড়িসহ ১৩টি পোশাক কারখানা।
রোববার সকালে কাজে যোগ দিতে কর্মস্থলে গিয়ে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকেরা। আবার কেউ কেউ তাদের কর্মস্থল কারখানার সামনে দীর্ঘ সময় অপেক্ষার পর বাড়ি চলে যান।
কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্ধের নোটিশে উল্লেখ করা হয়, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানোর পরও মজুরি ঘোষণার দাবিতে বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান। এতে কারখানার ব্যাপক ক্ষতি হয় এবং শ্রমিক ও কর্মকর্তা রক্তাক্ত ও আহত হন। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ দিকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রোববার সকালেও উপজেলার মৌচাক এলাকায় জড়ো হন শ্রমিকেরা। পরে তারা সকাল সাড়ে ৯টার দিকে পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভের চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবি, কালিয়াকৈর ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবারের জন্য কালিয়াকৈর ও কোনা বাড়িতে প্রায় ১৬টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফলে উপজেলার মৌচাক, সফিপুর, পল্লিবিদ্যুৎ, চন্দ্রা এলাকায় শ্রমিকদের আন্দোলনের প্রভাব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পড়েনি। উপজেলার মৌচাক মহাসড়কে স্বাভাবিকভাবে যান চলাচল করেছে। অপর দিকে পোশাক কারখানা বন্ধের ঘোষণায় শ্রমিকেরা বেকার হয়ে পড়লে তারা অর্থ সংকটে পড়ার শঙ্কায় রয়েছেন। এ ছাড়াও চলমান শ্রমিক আন্দোলনে সড়ক-মহাসড়ক অবরোধ ভাঙচুরসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি, পুলিশসহ অতিরিক্ত আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন রয়েছে।
অর্থ সংকটের শঙ্কা জানিয়ে শ্রমিকেরা জানান, কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যাচ্ছেন তারা। কাজ না করলে তাদের পেটে খাবার জোটে না। তারাও চান কারখানা খোলা থাকুক, কাজ হোক। কিন্তু কারখানার বন্ধ হলে কাজ হারানোর শঙ্কার পাশাপাশি অনিশ্চয়তার মধ্যে পড়বেন।
এ বিষয়ে গাজীপুর-২ শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন রোববার দুপুরের জানান, শ্রমিকেরা সকালে পৃথক স্থানে জড়ো হওয়ার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়াও আরও ১৬টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।










