Ajker Patrika

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আইসিইউতে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আইসিইউতে
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাসের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন লাল চান মিয়া (৬০) ও তাঁর স্ত্রী নাসিমা (৫০)। একই ঘটনায় তাঁদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

গতকাল বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৮টার দিকে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

নিহত লাল চান মিয়া ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার মান্নাছ আলীর ছেলে। তাঁর স্ত্রী নাসিমা একই এলাকার ইয়াকুব আলীর মেয়ে। তাঁরা টঙ্গীর মুদাফা এলাকায় মাস্টার বাড়ির পাশে ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে ঘরের ভেতরে গ্যাস জমে যায়। পরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটলে আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন।

প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাল চান মিয়া ও নাসিমার মৃত্যু হয়। তাঁদের মেয়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়েছে। তাঁদের মেয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত