বিসর্জনের আগে দশমী মাঠে অর্ধশতাধিক প্রতিমার উৎসব

দুপুর থেকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের কাচারি মাঠে বিভিন্ন মন্দির থেকে একে একে আসতে শুরু করে প্রতিমাগুলো। মাঠজুড়ে সারি সারি সাজানো প্রতিমা। ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা, শঙ্খের উলুধ্বনিতে মুখরিত মাঠ। ৫০টির বেশি প্রতিমার রং ও রূপে যেন ঝলমল করছিল চারপাশ। সে সঙ্গে রঙিন সাজ পোশাকে পূজারি আর ভক্তদের আনাগোনায় প্রতিমা উৎসবটি রীতিমতো জমকালো হয়ে ওঠে। গাজীপুরের শ্রীপুরে ৩০০ বছরের ঐতিহাসিক দশমী মাঠে হয়ে গেল এই প্রতিমা উৎসব।
আজ বুধবার বিকেলে শুরু হয় প্রতিমাগুলোর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়ার প্রতিযোগিতা। যেসব পূজামণ্ডপের প্রতিমা প্রতিযোগিতায় স্থান অধিকার করে, সেই মণ্ডপ কমিটিকে পুরস্কৃত করা হয়। এরপর বেলা গড়াতেই সময় হয়ে আসে বিসর্জনের। উৎসবের হইহুল্লোড় শেষে সব প্রতিমা একে একে পাশের পারুলী নদীতে বিসর্জন করা হয়। এটি এক দুই বছরের নয়, এলাকার ৩০০ বছরের ঐতিহ্য।
পূজারি রথীন্দ্র ঠাকুর বলেন, ‘আশপাশের সব প্রতিমা একসঙ্গে এনে এমন উৎসব আর কোথায় হয়, এটা আমার জানা নেই। আমাদের পূর্বপুরুষেরা এই আয়োজন করে আসছে ৩০০ বছর ধরে। সেই ধারাবাহিকতায় আমরা করছি। এটা আমরা ধরে রাখব। সারি সারি প্রতিমাগুলো সাজানো হয়। ধর্মের বিজ্ঞগণ বিচার করেন কোন মন্দিরের প্রতিমা সুন্দর হয়েছে। এখানেও প্রতিযোগিতা হয়। এখানেও আনন্দ।’
প্রতিমা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘৩০০ বছর ধরে একটি মাঠে প্রতিমা উৎসব হয়ে আসছে। এটি আমাদের ঐতিহ্য। এটি হিন্দু সম্প্রদায়ের মানুষের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আপনারা দীর্ঘ বছর ধারণ করে আসছেন। আমাদের মধ্যে যে দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি রয়েছে—সেটিকেও একইভাবে ধারণ করতে হবে।’

বাচ্চু আরও বলেন, ‘আসুন, আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সবাই মিলে দেশটাকে এগিয়ে নিই। ধর্ম নিয়ে কোনো বিভাজন নেই। এই বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধসহ সব ধর্মের মানুষের দেশ। সব ধর্মের মানুষ যেন তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো সুন্দরভাবে করতে পারে, সেটা বিশ্বাস করে আমার দল বিএনপি। আমাদের প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করছেন। দেশের কোথাও দুর্গাপূজায় কোনো ধরনের সমস্যা হয়নি। শতভাগ নিরাপত্তার মাধ্যমে শারদীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।’
শ্রীপুর পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু অরুণ চন্দ্র দাসের সভাপতিত্বে এ সময় ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক নাজমুল হুদা শাহীন, পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক অর্জুন কুমার মণ্ডলসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজারিরা।









