গাইবান্ধায় বিএনপি কার্যালয়ের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ধাপেরহাট ইউনিয়ন বিএনপি কার্যালয়ের পাশে পরপর দুটি ‘ককটেল’ বিস্ফোরণ হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরিত বস্তু দুটি ককটেল কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পর ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া জানান, তাঁদের কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্ফোরিত বস্তুটি ককটেল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।









