Ajker Patrika

বালুর অবৈধ কারবারের সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২৩: ১০
বালুর অবৈধ কারবারের সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর
সাংবাদিক আনোয়ার হোসেন শামীম। ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে বালু মজুত করার বিরুদ্ধে প্রশাসনের অভিযানের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর করা হয়েছে। এ সময় তাঁদের মোবাইল ফোন, সংবাদ সংগ্রহের সরঞ্জাম ও মানিব্যাগ কেড়ে নেওয়া হয়। এমনকি জোর করে হাতে টাকা দিয়ে ভিডিও ধারণেরও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

গতকাল শনিবার বিকেল ৪টার দিকে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাগান সেতুর পূর্ব পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আহত সাংবাদিকেরা হলেন আজকের পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের খন্দকার রফিকুল ইসলাম রফিক, স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম ও সাংবাদিক পাপ্পু সরকার। তাঁরা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এজাহার সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে পলাশবাড়ী উপজেলার আমবাগান এলাকায় অবৈধভাবে মজুত করা বালু জব্দে উপজেলা প্রশাসনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের সংবাদ সংগ্রহ করেন ওই চার সাংবাদিক। পরে সিএনজিচালিত অটোরিকশায় গাইবান্ধা শহরে ফেরার পথে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন তাঁদের গাড়ির গতি রোধ করেন।

পরে তাঁরা আরও কয়েকজনকে ডেকে এনে সাংবাদিকদের একটি পরিত্যক্ত দোকানঘরে আটকে রাখেন। এ সময় তাঁদের ধারণ করা ভিডিও মুছে ফেলতে বলা হয়। এতে রাজি না হওয়ায় তাঁদের মারধর করা হয়। একপর্যায়ে মোবাইল ফোন, সংবাদ সংগ্রহের সরঞ্জাম ও মানিব্যাগ কেড়ে নেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকদের হাতে জোর করে টাকা দিয়ে ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় থানায় দেওয়া অভিযোগে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নাম রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘অবৈধভাবে মজুত করা বালু জব্দে প্রশাসনের অভিযান চলাকালে সাংবাদিকেরা ঘটনাস্থলে ছিলেন। তাঁদের মারধরের বিষয়টি শুনেছি। এ ঘটনায় ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা করা যাবে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা অনুতপ্ত। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত