
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা গ্রামের মো. আমজাদ হোসেন (৬২) বলেন, ‘এমপি আবদুল আজিজ, এমপি লিটন, এমপি গোলাম মোস্তফা, এমপি কর্নেল কাদের, এমপি ব্যারিস্টার শামীম এমনকি এমপি সাগর আপাও বলেছেন ব্রিজ করে দেবেন। কিন্তু কেউ কথা রাখেননি। শুধু আশ্বাসেই কেটে গেল ২৫ বছর।’ এই অভিযোগ শুধু তাঁর একার নয়—সেতুবিহীন কষ্ট বয়ে বেড়াচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার প্রায় ২০ গ্রামের লাখো মানুষ।
সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজড়া ও গুনাইগাছ ইউনিয়নের সংযোগ সড়কে বাঁশের সাঁকো নিয়ে মানুষের মধ্যে এখন হতাশা বিরাজ করছে। এলাকাবাসীর বিশ্বাস উঠে গেছে রাজনৈতিক নেতাদের ওপর থেকে। তারা এখন আর আশ্বাস শুনতে চায় না।
তারাপুর ইউনিয়নের নামাপাড়া গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘এই সাঁকো দিয়ে তারাপুর, ঘগোয়া, লাঠশালা, বৈরাগীপাড়া ছাড়াও উলিপুর উপজেলার বজড়া ও গুনাইগাছ ইউনিয়নের চরবিরহীম, সাধুয়া, দামারহাট, নাগড়াকুড়া, থেথরাসহ অন্তত ২০ গ্রামের মানুষ যাতায়াত করে। প্রতিদিন প্রায় ১৫-২০ হাজার মানুষ এই পথে চলাচল করেন। কিন্তু আশ্বাসের পর আশ্বাস, কাজের কাজ কিছুই হয় না।’

ঘগোয়া গ্রামের আবদুল মুত্তালেব মিয়া বলেন, ‘নির্বাচনের সময় সবাই এসে বলে সেতু করে দেবে, কিন্তু ভোট পেরোলেই আর কাউকে খুঁজে পাওয়া যায় না।’
পথচারী বাবর আলী বলেন, ‘সাঁকো ভেঙে গেলে বা নদীতে পানি বাড়লে সাংবাদিক আসে, ছবি তোলে, বক্তব্য নেয়; কিন্তু সেতু হয় না। এখন তো সাংবাদিকদের ওপরও বিরক্ত হয়ে গেছি।’
সংযোগ সড়কে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো
সরেজমিনে দেখা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজড়া ও গুনাইগাছ ইউনিয়নের সংযোগ সড়কে একটি বাঁশের সাঁকো রয়েছে। এটি ব্যবহার করে প্রতিদিন স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থী, চাকরিজীবী, হাটের ক্রেতা-বিক্রেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ চলাচল করে।

স্থানীয়দের ভাষ্যমতে, একসময় এখানে ছিল বুড়াইল নদী, যার পাশ দিয়ে বয়ে যেত তিস্তা। ২০০১ সালের দিকে তিস্তার ধারা ভেঙে বুড়াইলে মিশে যায়। এরপর থেকেই নদীর প্রবাহ ও প্রস্থ বাড়তে থাকে এবং এটি এখন তিস্তার শাখা নদী হিসেবে পরিচিত। ফলে বাঁশের সাঁকোটি হয়ে ওঠে জীবনের ঝুঁকিতে চলাচলের একমাত্র ভরসা। বহুবার কাঠ ও বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও তা টেকসই হয়নি। এরই মধ্যে সাঁকো থেকে পড়ে দুজন প্রাণ হারিয়েছেন। নদীতে মোটরসাইকেলসহ পুলিশ সদস্য পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। ছোটখাটো দুর্ঘটনা তো নিয়মিতই ঘটে।
প্রতিবছর স্থানীয়দের উদ্যোগে দু-তিনবার সাঁকোটি মেরামত করা হয়, যেখানে ইউনিয়ন পরিষদ থেকেও সহায়তা দেওয়া হয় বলে জানান এলাকাবাসী।
প্রশাসনের প্রতিশ্রুতি রয়ে গেছে ফাইলেই
তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ‘ব্রিজের জন্য সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। বরাদ্দ এলেই কাজ শুরু হবে ইনশাআল্লাহ।’
উপজেলা প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমানও একই আশ্বাস দিয়েছেন, ‘বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে।’
তবে দীর্ঘদিন ধরে সেতুর দাবিতে আন্দোলন আর আশ্বাস শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তারা চায়, এবার যেন কথার ফুলঝুরি নয়, বাস্তবেই একটি স্থায়ী ও টেকসই সেতু নির্মাণ হয়।

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরে ডান চোখ হারিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২২)। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি আর ফেরার সম্ভাবনা নেই। মাথাতেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চার ইউনিয়নের প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। দ্রুত মেরামত করা না হলে বর্ষার শেষ দিকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা স্পিডবোট ঘাট থেকে দুটি স্পিডবোটের ইঞ্জিন লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘাটের এক প্রহরীকে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় তারা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে