ডিঅ্যান্ডসি করতে গিয়ে জরায়ু ফুটো হওয়ার অভিযোগ: আইসিইউতে থাকা সেই গৃহবধূ মারা গেছেন

ফেনীর সোনাগাজীতে বেসরকারি হাসপাতালে ডিঅ্যান্ডসি (গর্ভপাত-পরবর্তী জরায়ু পরিষ্কারের চিকিৎসাপদ্ধতি) করার পর শারীরিক অবস্থার অবনতি হওয়া কামরুন নাহার (৩২) নামের সেই গৃহবধূ মারা গেছেন। প্রায় দুই সপ্তাহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হামলার আশঙ্কায় সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালের সামনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কামরুন নাহারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই মাহফুজুল হক। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে ডিঅ্যান্ডসি করার সময় চিকিৎসায় অবহেলার কারণে তাঁর (গৃহবধূর) জরায়ু ফুটো হয়ে যায়। অস্ত্রোপচারের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে বিভিন্ন জটিলতা দেখা দিলে তাঁকে একাধিক হাসপাতালে নেওয়া হয়। শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
মাহফুজুল হক জানান, অস্ত্রোপচারের পর তাঁর বোনের পেটে রক্ত ছড়িয়ে পড়ে। পরে খাদ্যনালিতে সংক্রমণ, ফুসফুসে পানি জমা ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। চিকিৎসায় অবহেলার কারণেই তাঁর বোনের মৃত্যু হয়েছে বলে তাঁরা মনে করছেন। এ ঘটনায় আগে করা অভিযোগের ভিত্তিতে হাসপাতালটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, কামরুন নাহার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ৭ নভেম্বর তাঁর গর্ভপাত হয়। চিকিৎসক ফাহমিদা ইয়াসমিনের পরামর্শে সেদিন তাঁকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে জোসনারা বেগম নামের এক নারী তাঁদের সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসক মামুনের কাছে নিয়ে যান। সেখানে ভর্তি করার পর দুপুর ১২টার দিকে তাঁর ডিঅ্যান্ডসি করা হয়।

অস্ত্রোপচারের পর কামরুন নাহারের পেট অস্বাভাবিকভাবে ফুলতে শুরু করে। পরদিন ৮ নভেম্বর আবার আলট্রাসনোগ্রাম করানো হলে পেটে রক্ত ছড়িয়ে পড়া, খাদ্যনালিতে সংক্রমণ, ফুসফুসে পানি জমা ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে বলে পরিবারের দাবি।
কামরুন নাহারের স্বামী রহিম উদ্দিন বলেন, ‘ডিঅ্যান্ডসি করতে গিয়ে তাঁর জরায়ু ফুটো হয়ে যায় বলে আমরা জানতে পারি। অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে তাঁকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার আরও অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’
রহিম উদ্দিন জানান, ৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত তাঁর স্ত্রীর চিকিৎসায় প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে। দীর্ঘ চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে রহিম উদ্দিন বলেন, ‘আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। সে মারা গেছে। আমার সন্তানদের কী হবে, কে তাদের দেখাশোনা করবে?’
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ এনে সোনাগাজী মডেল থানা ও সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছিলেন কামরুন নাহারের বড় বোন নূর জাহান আক্তার। অভিযোগে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, উন্নত চিকিৎসা নিশ্চিত করা ও ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল।
নূর জাহান আক্তার বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও ভুল চিকিৎসার কারণেই আমার বোনের এমন করুণ মৃত্যু হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’ পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালের ব্যবস্থাপক কে এম ইসলামুল হক। তিনি বলেন, হাসপাতালে ডিঅ্যান্ডসি সম্পন্ন হওয়ার পর পর্যন্ত রোগীর এমন কোনো সমস্যা ছিল না। পরবর্তী সময়ে কীভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই।
বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি তিনি জেনেছেন। অভিযুক্ত হাসপাতাল বা সংশ্লিষ্ট পক্ষ থেকে তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি। তবে সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বলেন, ভুল চিকিৎসা ও চিকিৎসায় অবহেলার কারণে রোগীর সংকটাপন্ন অবস্থার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিশৃঙ্খলার আশঙ্কায় হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সেখানে পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে।
ফেনীর সিভিল সার্জন মো. আরিফুজ্জামান বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










