Ajker Patrika

‘১৪০০ খুনের পর রাজুকেও হত্যা করল আপনার লোকজন’—শেখ হাসিনার উদ্দেশে রিজভী

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২০: ১১
‘১৪০০ খুনের পর রাজুকেও হত্যা করল আপনার লোকজন’—শেখ হাসিনার উদ্দেশে রিজভী
উপজেলা সদরের ঈদগাহ মাঠে রাজু মোল্যার জানাজার আগে আয়োজিত প্রতিবাদ সভায় রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা

‘কত কান্না আমরা থামাব, কত চোখের পানি আর ফেলব।’ ফরিদপুরের ভাঙ্গায় নিহত উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্যার জানাজায় অংশ নিয়ে এভাবেই ক্ষোভ ও শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় রাজুর বাবাকে বুকে জড়িয়ে ধরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, ‘আপনি ১৪০০ কিশোর-তরুণ, শ্রমিককে হত্যা করার পরও আজ রাজুকে হত্যা করেছে আপনার লোকেরা।’

আজ বুধবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের ঈদগাহ মাঠে রাজু মোল্যার জানাজার আগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

শেখ হাসিনার উদ্দেশে রিজভী আরও বলেন, ‘দেখুন রাজুর পিতার কান্না। এ কান্না আজ আকাশে-বাতাসে ধ্বনিত, আল্লাহর আরশ পর্যন্ত। দিল্লির পদতলে কৃতদাসের মতো বসে থেকে নির্দেশ দিয়ে আপনি বাংলাদেশের মানুষদের হত্যা করছেন। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না।’

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ধৈর্যেরও একটা সীমা আছে। একপর্যায়ে সেই ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং তারেক রহমানের সরকারও গণতন্ত্রে বিশ্বাসী। আওয়ামী লীগের মতো মহড়া, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে বিএনপি রাজনীতি করতে চায় না।

মহাসচিব বলেন, আওয়ামী লীগ জোরজবরদস্তি করে লকডাউনের ঘোষণা দিচ্ছে। সেই ঘোষণা বাংলাদেশের ভেতর থেকে নয়, পাশের দেশ থেকে দেওয়া হচ্ছে। যারা অন্যের আশ্রিত এবং অন্যের আশ্রয়-প্রশ্রয়ে থেকে নিজের দেশে অরাজকতা ও সন্ত্রাস চালায়, তাদের অবৈধ কর্মকাণ্ড এ দেশের মানুষ মেনে নেবে না। পাড়া-মহল্লা থেকে শুরু করে সর্বত্র তাদের প্রতিহত করা হবে।

বিদেশে অবস্থান করে দেশে সহিংসতা ও হত্যাকাণ্ড চালানোর অভিযোগ তুলে রিজভী বলেন, ‘আমরা শুনি, কেউ কলকাতায় ফ্ল্যাট কিনেছেন, দুবাইয়ে স্বর্ণের দোকান দিয়েছেন, আবার কেউ ব্যাংককে ব্যবসা পেতেছেন। তাঁরা বিদেশে মহাসুখে আছেন, সন্তানদের জন্য বেহেশত বানিয়েছেন। আর এ দেশে কিছু টোকাইকে দিয়ে মানুষ হত্যা করছেন। তাঁদের দিয়ে বোমাবাজি, পুলিশ বক্সে আগুন, বাস-ট্রাকে অগ্নিসংযোগ এবং অফিস-আদালতে বোমাবাজি করাচ্ছেন। প্রকাশ্যে আসছেন না কেন? প্রকাশ্যে আসেন।’

প্রতিবাদ সভা শেষে রাজু মোল্যার জানাজায় অংশ নেন রিজভী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

জানাজায় অংশ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ হত্যাকাণ্ডের জন্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে দায়ী করেন। তিনি বলেন, যারা হামলা চালাতে আসবে, তাদের বিষদাঁত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। রাজুর কী অপরাধ ছিল যে তাঁকে এভাবে প্রাণ দিতে হলো?

টুকু আরও বলেন, রাজুর নিষ্পাপ সন্তানদের এতিম করা হয়েছে। এ ঘটনার পেছনে নিক্সন চৌধুরীর নির্দেশ রয়েছে এবং তাঁকে মদদ দিচ্ছেন পলাতক নেত্রী।

এদিকে রাজু মোল্যা হত্যার ঘটনায় ২৫ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। তবে ঘটনার প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত