
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ফুটবল খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।
হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে দুজন চিকিৎসাধীন রয়েছে। তাঁদের মাথায় আঘাত রয়েছে।
জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে ফরিদপুর শহরতলির চুনাঘাটা এলাকায় অবস্থিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির আবাসিক ছাত্র হোস্টেলে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রতিষ্ঠানটির তৃতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের মেরিন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম (১৮), নিরব হোসেন (১৯) ও জুনায়েদ হোসেন (১৯)। এ ছাড়া একই শ্রেণির হাসিন, সজিব ও খতিবুল ইসলাম এবং শিপ বিল্ডিং বিভাগের আরও চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে রাতেই ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আহত শিক্ষার্থীদের অভিযোগ, মেরিন টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী পিয়াস, আদনান, কাউছার, নাঈম, বিল্লাল, ইমনসহ ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী অতর্কিতভাবে জুনিয়র শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এ ছাড়া ক্যাম্পাসে র্যাগিং প্রথা ও মাদক সেবন বন্ধ করায় ক্ষোভে তাঁরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শিক্ষার্থীরা। এমনকি তাঁদের বাথরুমে আটকিয়ে নির্যাতন চালানো হয়।

শিপ টেকনোলজি বিভাগের সাকিব আলী খান নামের এক শিক্ষার্থী বলেন, ‘গতকাল রাতে রুমে বসে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার খেলা দেখছিলাম। এ সময় গোল করায় কয়েকজন জোরে জোরে উল্লাস করেন। এই সামান্য ঘটনা নিয়ে বড় ভাইয়েরা লাঠিসোঁটা, লোহা ও স্টিলের পাইপ নিয়ে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করেন। রুমের দরজা ভেঙে আমাদের প্রত্যেককে তাঁরা নির্মমভাবে পিটিয়েছেন। কয়েকজনের মাথা ফেটে রক্ত বের হলেও তাঁরা হামলা বন্ধ করেননি। আমাদের প্রতিটি রুমের জানালা, দরজা, খাট ভেঙে ফেলেছেন। এমনকি টাকাপয়সাও নিয়ে গেছেন।’
সাকিব আলী খান আরও বলেন, ‘কিছু তুচ্ছ ঘটনা নিয়ে তাঁরা নিয়মিত আমাদের সঙ্গে ঝামেলা বাধিয়ে আসছেন। আমরা ক্যাম্পাসে র্যাগিং বন্ধ করায় এবং মাদকের বিরুদ্ধে কথা বলায় আমাদের বিভিন্ন সময় টর্চারও করে আসছেন সিনিয়ররা। বিষয়টি স্যারদের জানালে তাঁরা আরও বেশি হুমকি-ধমকি দেন। এমনকি স্যাররাও কোনো পদক্ষেপ নেননি।’
এদিকে অপর পক্ষের শিক্ষার্থী পিয়াসের দাবি, হামলা নয়, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পিয়াস বলেন, ‘আমাদের মধ্যে ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। কোনো ভাঙচুর করা হয়নি। এ ঘটনায় আমাদের দুজনকেও হাসপাতালে নেওয়া হয়েছিল।’
এ বিষয়ে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ খোরশেদ আলমের মোবাইল ফোন একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।
ইনস্টিটিউটের জ্যেষ্ঠ প্রশিক্ষক প্রকৌশলী হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ছুটিতে আছি। যতটুকু জেনেছি, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। শিক্ষার্থী বা প্রতিষ্ঠানের কেউ থানায় এখনো অভিযোগ করেননি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, গত ঈদুল আজহায় উপজেলার ৭টি ইউনিয়নে ২৬৬ দশমিক ৪১০ টন চাল বরাদ্দ ছিল। এতে ২৬ হাজার ৬৪১টি পরিবার সহায়তা পেয়েছিল। কিন্তু আসন্ন ঈদুল ফিতরে বরাদ্দ এসেছে ১১১ দশমিক ১০০ টন চাল, যা দিয়ে ১১ হাজার ১১০টি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া সম্ভব হবে।
২৭ মিনিট আগে
শিবচর উপজেলা এলজিইডি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ হয়ে সিপাইকান্দি থেকে মুন্সীকান্দি গ্রাম পর্যন্ত সড়কের গাইডওয়াল নির্মাণকাজ শুরু হয় ছয় মাস আগে। কিন্তু শুরু থেকেই নির্মাণকাজে ধীরগতি দেখা যাচ্ছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ছাড়াও মাটির ওপর কলা...
২ ঘণ্টা আগে
বরগুনার তালতলী উপজেলার ৯টি খাল খননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সদস্য ও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান বাচ্চু ও তাঁর লোকজন খালগুলো খনন করছেন। দায়সারা খনন করে খালের বাঁধ কেটে পানি প্রবেশ করানো হচ্ছে; যাতে খাল খননের অনিয়ম ধরা না পড়ে।
৭ ঘণ্টা আগে
আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে দোল খাচ্ছে আমের মুকুল। সোনালি মুকুলে ভরে উঠেছে আমবাগানগুলো। তবে আবহাওয়া বিরূপ হলে আমের ফলন কেমন হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। সেই সঙ্গে বাগান চাষে বাড়ছে উৎপাদন খরচ। তাই আম বিক্রি করে উৎপাদন খরচ উঠিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে...
৮ ঘণ্টা আগে