Ajker Patrika

বাসায় এসির কম্প্রেসর বিস্ফোরণে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ঘুমন্ত শিশু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
বাসায় এসির কম্প্রেসর বিস্ফোরণে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ঘুমন্ত শিশু
অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাসার আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে একটি বাসাবাড়িতে এসির কম্প্রেসর বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, টাকা ও কাগজপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ঘুমিয়ে থাকা এক শিশু।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী পৌরসভার স্বজনপুকুর (বুন্দিপাড়া) এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, চারতলা ভবনটির নিচতলায় পরিবার নিয়ে বসবাস করেন বাড়ির মালিক নুর আলম সরকার হিরা। ঘটনার সময় তিনি বাইরে ছিলেন এবং তাঁর স্ত্রী ছোট সন্তানকে নিয়ে স্কুলে গিয়েছিলেন। অন্য সন্তানটি বাসায় ঘুমিয়ে ছিল। কিছুক্ষণ পর হিরা বাড়ি ফিরে এসে দেখেন, ঘরের ভেতরে আগুন জ্বলছে। এ সময় ভবনের ওপরের তলার ভাড়াটিয়ারা ঘুমন্ত শিশুটিকে উদ্ধার করেন।

খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের আসবাবপত্র, পোশাক, স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। তবে ভবনের ওপরের তলাগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাড়ির মালিক নুর আলম সরকার হিরা বলেন, ‘বাজার থেকে ফিরে দেখি, বাসায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার সন্তান ঘরে ঘুমিয়ে ছিল। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে। ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ রেদওয়ানুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাড়ির মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, এসির কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত